কক্সবাজার উপকূলে গত চার দিনে জলদস্যুদের কবলে পড়েছে ৫২টি ট্রলার। দস্যুদের হামলায় আহত হয়েছেন এসব ট্রলারের শতাধিক জেলে। মুক্তিপণের জন্য ১০টি ট্রলার থেকে অপহরণ করা হয়েছে ২০ জন জেলেকে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি সূত্র এ কথা বলেছে।
জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোরে গভীর সাগর থেকে মাছ ধরে কক্সবাজার শহরের ফিশারিঘাটে ফিরছিল শহরের টেকপাড়ার নুরুল কবিরের একটি ট্রলার। ট্রলারে জেলে ছিলেন ২২ জন। মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে একটি ট্রলার নিয়ে অস্ত্রধারী জলদস্যুরা ট্রলারটির গতিরোধ করে। পরে দস্যুরা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকার মাছ ও কয়েক লাখ টাকার জাল লুট করে। এ সময় দস্যুদের মারধরে সাতজন জেলে আহত হন। পরে ট্রলার নিয়ে জেলেরা শহরের বাঁকখালী নদীতে ফিরে আসেন।
ট্রলারের জেলে আমিন উদ্দিন বলেন, দস্যুরা মুখোশ পরা ছিল। কয়েকজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। এ জন্য তাঁরা প্রতিরোধের সাহস পাননি।
জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে একই চ্যানেলে খুরুশকুলের আমির হামজার একটি, উখিয়ার মনখালীর আবদুল মাজেদের একটি ও কুতুবদিয়ার লেমশিখালীর আবদুল মান্নানের একটি ট্রলার দস্যুদের কবলে পড়ে। দস্যুরা ওই তিনটি ট্রলার থেকে অন্তত ১২ লাখ টাকার মাছ লুট করে। দস্যুদের মারধরে আহত হয়েছেন তিন ট্রলারের ১৭ জন জেলে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সাগরে দস্যুরা লুটপাট চালালেও পুলিশের করার কিছু থাকে না। কারণ, গভীর সাগরে গিয়ে দস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর মতো জলযান পুলিশের নেই।
কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, গত চার দিনে উপজেলার অমজাখালী গ্রামের ছালে আহমদের একটি, আমান উল্লাহর একটি, নুরুল আবছারের একটি, নুরুল বশরের একটি ট্রলারে হামলা চালায় দস্যুরা। দস্যুরা চারটি ট্রলার থেকে ২০ জেলেকে অপহরণ করে।
দস্যুদের কবল থেকে ফিরে আসা কুতুবদিয়ার একটি ট্রলারের জেলেরা বলেন, অপহৃত জেলেদের মহেশখালীর হাসেরচরের প্যারাবনে আটকে রাখা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। জনপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ না দিলে জেলেদের হত্যা করে লাশ গুমের ভয় দেখানো হয়েছে।
এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি ট্রলার মালিক নুরুল বশর, ছালে আহমদ ও আমান উল্লাহ কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কুতুবদিয়া থানার এসআই বজলুর রহমান খান বলেন, জলদস্যুদের অপতৎপরতা বন্ধে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।
কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি থেকে এখানকার ৫০টির বেশি ট্রলার দস্যুদের কবলে পড়েছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, গত চার দিনে জলদস্যুরা কক্সবাজার উপকূলে ৫২টি ট্রলারে লুটপাট চালিয়েছে। এ পর্যন্ত ২০ জন জেলে নিখোঁজ।