৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের খবর সংগ্রহ করতে গেলে দুই সংবাদকর্মীকে পুলিশের মারধরের ঘটনায় পুলিশের চার সদস্যের নাম উল্লেখ করে শাহবাগ থানায় অভিযোগ করেছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালে থানার পুলিশ এ অভিযোগ গ্রহণ করে।
গত বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা আধা বেলা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন এটিএন নিউজের প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলীম। ওই ঘটনায় গতকাল সকালে শাহবাগ থানায় লিখিত অভিযোগ করে এটিএন নিউজ কর্তৃপক্ষ। ওই ঘটনায় বৃহস্পতিবারই শাহবাগ থানার এএসআই এরশাদ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবারই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে। এটিএন নিউজ কর্তৃপক্ষের দেওয়া অভিযোগটিও তদন্ত কমিটির কাছে দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) দুই সংবাদকর্মীকে পুলিশের লাঠিপেটার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।