৪ শিশুকে যৌন নিপীড়নের মামলায় সাবেক ব্যাংকার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

একাধিক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত ব্যাংকার মোবারক আলীকে (৫৯) আদালত লালমনিরহাট জেলা কারাগারে পাঠিয়েছেন। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

মোবারক আলী মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

অগ্রণী ব্যাংক লালমনিরহাট শহরের মিশন মোড় শাখার তৎকালীন প্রিন্সিপাল অফিসার মোবারক আলীর বিরুদ্ধে ২০১৯ সালের ৩ ডিসেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ থানায় চার মেয়েশিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়। চার শিশুর পক্ষে একটি মামলা করেন একজন অভিভাবক।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার পর থেকে গা ঢাকা দেন মোবারক আলী। এ অবস্থায় কালীগঞ্জ থানা-পুলিশ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে লালমনিরহাটের আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে উচ্চ আদালত তাঁকে চার মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সেটি নামঞ্জুর হয়।

পরিচিত চার মেয়েশিশুকে নিজের বাড়িতে নিয়ে বিভিন্ন সময় মোবারক আলী নিপীড়ন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে মোবারক আলীর পরিবার অভিযোগ অস্বীকার করে বলে আসছে, কোনো অসৎ উদ্দেশ্য থেকে ষড়যন্ত্রমূলকভাবে এসব করা হচ্ছে।