৪ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে শিশু সজীব হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের সজীব মজুমদারকে (১২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

এদিকে, রাজশাহীর পবায় নির্যাতিত দুই শিশু গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে। এ ছাড়া নাটোরে তিন স্কুলছাত্রকে বেঁধে লাঠিপেটা করার মামলার নথি গতকাল দুপুরে জেলার শিশু ও কিশোর আদালতে পাঠানো হয়েছে।

প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জহুরুল ইসলাম জানান, গতকাল বিকেলে সজীব হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের বাসিন্দারা।

চার দিন নিখোঁজ থাকার পর সজীবের লাশ গত শনিবার রাতে আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের একটি ঘের থেকে উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা সঞ্জিত মজুমদার প্রথম আলোকে বলেন, তিনি এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। গত অক্টোবরে প্রতিবেশী অতুল হালদারের ছেলে অশোক তাঁকে গাজীপুর গিয়ে কাজ করার জন্য বলেন। তাঁর কথামতো সঞ্জিত সপরিবারে গাজীপুরে অশোকের অধীনে কাজ করতে যান। অশোক কাজ করিয়ে টাকা দিতেন না। একপর্যায়ে অশোকের কাছে সঞ্জিত চার হাজার টাকা পাওনা হন। পাওনা টাকা চাইতে গেলে গত ২৭ জানুয়ারি দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় অশোক চরম প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সজীব নিখোঁজ হওয়ার ঘটনায় গত শুক্রবার এলাকাবাসী অশোক হালদারকে ধরে তাঁর কাছে সজীবের সন্ধান চায় এবং আটকে রাখে। এ সময় রামশীল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য চিরঞ্জীব হালদারের অনুরোধে অশোককে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি পালিয়ে যান। তাঁরা আরও জানান, যে মাছের ঘের থেকে শিশু সজীবের লাশ উদ্ধার করা হয়েছে, সেটি অভিযুক্ত অশোকের খালাতো ভাই শ্যামল চন্দ্র হালদারের।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সজীবকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পবায় নির্যাতিত দুই শিশু জাহিদ হাসান ও ইমন আলী গতকাল বিকেলে আদালতে জবানবন্দি দিয়েছে। রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুস সালাম তাদের জবানবন্দি রেকর্ড করেন। ১২ ফেব্রুয়ারি মুঠোফোন চুরির অভিযোগে পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় জাহিদ ও ইমনকে।

নাটোর প্রতিনিধি জানান,তিন স্কুলছাত্রকে বেঁধে লাঠিপেটা করার মামলার নথি গতকাল দুপুরে জেলার শিশু ও কিশোর আদালতে পাঠানো হয়েছে। আহত ফিরোজ ও মেহেদিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি চুরির চেষ্টার অভিযোগে বাগাতিপাড়ার মাকুপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী শিশু ফিরোজ, মেহেদি ও রুমন আলীকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে জখম করেন।