৪টি রামদা, ২টি সামুরাই, ১টি চাকু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে র্যা ব-বিজিবি-পুলিশের যৌথ বাহিনী। জঙ্গি আস্তানার খোঁজে গতকাল শুক্রবার পাঁচ ঘণ্টার এ অভিযানে কোনো জঙ্গি আস্তানার সন্ধান বা জঙ্গিকে ধরতে না পারলেও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চরাঞ্চলের খোলাবাড়ি, খঞ্চাপাড়া, বাগবাড়ি ও গাবগাছি গ্রামে জঙ্গিবিরোধী ওই অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন। অভিযানে র্যা ব-বিজিবি-পুলিশের ১২০ জন সদস্য অংশ নেন। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন চর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি রামদা, দুটি সামুরাই (রামদা জাতীয় অস্ত্র) ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, চরাঞ্চলে জঙ্গিরা আশ্রয় নিয়েছে এমন তথ্যের অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দফায় গাইবান্ধায় অভিযান চালানো হলো।
ওসি আরও বলেন, অভিযানে জঙ্গিদের কোনো আস্তানার সন্ধান পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পরিত্যক্ত অবস্থায় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত সোমবার বগুড়ার সারিয়াকান্দির যমুনার চর এবং ধুনট উপজেলায় যৌথ বাহিনী ১১ ঘণ্টার অভিযান চালিয়ে তিনটি চাপাতি, তিনটি চাকু, নয়টি ‘জিহাদি’ বই ও একটি তারের কুণ্ডলী উদ্ধার করে।