৪০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ কেজি ওজনের কচ্ছপ বিক্রির চেষ্টার অভিযোগে তপন জলদাস নামের এক জেলেকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট কবির হোসেন প্রথম আলোকে বলেন, কচ্ছপটি বস্তায় ভরে অটোরিকশায় করে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে তপনকে আটক করা হয়। কচ্ছপ শিকার ও বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক তপন জলদাস বলেন, দুপুরে সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেল থেকে কচ্ছপটি তাঁদের জালে ধরা পড়ে। অন্য জেলেদের পরামর্শে বেশি দামে বিক্রির জন্য পাহাড়তলী বাজারে যাচ্ছিলেন তিনি। এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করায় রাতে তপনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম বন বিভাগের বন্য প্রাণী বিভাগের ফরেস্টার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, কচ্ছপটিকে আগামীকাল (আজ) চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারিপার্কে অবমুক্ত করা হবে।