৪০ শতক জমির লাউগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের লাঙলমুড়া গ্রামের এক কৃষকের ৪০ শতাংশ জমিতে লাগানো লাউগাছ গত শনিবার রাতে উপড়ে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষকের নাম আবু বক্কার সিদ্দিক। এ ঘটনায় তিনি সলঙ্গা থানায় জিডি করেছেন।
আবু বক্কার সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম অভিযোগ করেন, লাউগাছের মাচার নিচে বসে গ্রামের আবু তালেবের ছোট ভাই মালেক মণ্ডল তাঁর বন্ধুদের নিয়ে মাদক সেবন করতেন। এ কাজে বাধা দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা নানা হুমকিও দেন। এ ছাড়া আবু তালেবের সঙ্গে তাঁদের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এসব ঘটনাকে কেন্দ্র করে লাউগাছের মাচার রশি কেটে ফেলেন ও অনেক গাছ উপড়ে দেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে আবু তালেব বলেন, আবু বক্কারের সঙ্গে পারিবারিক শত্রুতা থাকলেও গাছগুলো তাঁরা কাটেননি।