৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে লবণভর্তি ট্রাক থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ইয়াবার একটি বড় চালান ট্রাকযোগে পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির হোয়াইক্যং তল্লাশিচৌকিতে নিরাপত্তা জোরদার করা হয়। সোমবার রাতে টেকনাফ থেকে নারায়ণগঞ্জগামী লবণভর্তি একটি ট্রাক তল্লাশিচৌকির সামনে পৌঁছালে সেটিকে থামতে সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ি থেকে দুজন লোক নেমে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে ট্রাকে লবণের ভেতর থেকে ব্যাগভর্তি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করে টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।
আবুজার আল জাহিদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।