৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, স্ত্রীসহ আটক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বলের ভেতরে ৪০ হাজার ইয়াবা বড়ি লুকিয়ে পাচারের অভিযোগে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের মেরিনার্স সড়ক এলাকা থেকে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা ভাড়া করা মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।
আটক দুজন হলেন মো. সেলিম ও তাঁর স্ত্রী খালেদা বেগম। সেলিম গাজী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমাদের কাছে খবর ছিল কক্সবাজার থেকে একটি মাইক্রোবাসে করে ইয়াবা বড়ি পাচার হচ্ছে। তবে তাঁদের পরিচয় জানা ছিল না। ফিরিঙ্গিবাজারের মেরিনার্স সড়কে মাইক্রোবাস থামিয়ে তল্লাশির সময় আটক দম্পতির সিটের পাশে রাখা কম্বলের ভেতর থেকে ৪০ হাজার ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।’
মোহাম্মদ ইব্রাহিম বলেন, আটকের পর মো. সেলিম নিজেকে গাজী টিভির সাংবাদিক পরিচয় দেন। তিনি এর আগেও কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গেছেন।
ইয়াবাসহ আটকের পর মো. সেলিমকে ‘কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেলিমের কর্মকাণ্ডের জন্য সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সে কারণে সবার মত নিয়ে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।