৪০ হাজার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে জুবেদা আক্তার (২৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ৪০ হাজার টাকার হিসাব দিতে না পারায় স্বামী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জুবেদার দেবর দানেজ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে।
জুবেদার স্বামীর নাম হোসেন আলী (৩২)। তিনি উপজেলার বুড়িরচালা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, হোসেন আলী শ্রমিক হিসেবে তিন বছর আগে কাতারে যান। ১ জুলাই ৪০ দিনের ছুটি নিয়ে তিনি দেশে আসেন। এসেই স্ত্রীর কাছে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব চান। হিসাবে ৪০ হাজার টাকা গরমিল পাওয়া যায়। এ নিয়ে দাম্পত্য কলহে জড়িয়ে পড়েন তাঁরা। এর জের ধরে গত মঙ্গলবার রাতে জুবেদাকে লাঠি দিয়ে বেদম পেটান হোসেন আলী। এতে রাতেই তাঁর মৃত্যু হয়। দেবর দানেজ আলী গতকাল বুধবার সকালে একটি ভ্যানগাড়িতে করে লাশ সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গিয়ে রেখে পালিয়ে যান।
জুবেদা আক্তারের বাবা জয়নাল আবেদীন গতকাল বিকেলে সখীপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে জুবেদার স্বামী হোসেন আলী, দেবর দানেজ আলী ছাড়াও শ্বশুর রোস্তম আলী, ননদ রোমেছা বেগম ও ননদের স্বামী পাপ্পু মিয়াকে আসামি করা হয়েছে।
জয়নাল আবেদীন থানায় বিলাপ করতে করতে বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আমার মেয়ে ফোন করে আমাকে ৪০ হাজার টাকা নিয়ে সকালেই তাঁর স্বামীর বাড়ি যেতে বলে। টাকা না আনলে স্বামী তাঁকে মেরে ফেলবে, এ কথা বলে মেয়ে কান্নায় ভেঙে পড়ে ও ফোন কেটে দেয়। সারা রাত আর ঘুমাতে পারিনি। সকালে টাকা জোগাড় করতে এদিক-ওদিক যাই। বেলা ১০টায় মেয়ের মৃত্যুসংবাদ আসে।’
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় লাশের গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, লাশ গতকাল বিকেলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া জুবেদার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তাঁর দেবর দানেজ আলীকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠিটি জব্দ করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।