চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মচারী ধরা পড়েছেন। তাঁরা বিমানের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট (অস্থায়ী) পদে কর্মরত ছিলেন। গতকাল রোববার সকালে দুজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
আটক দুই কর্মচারী হলেন বেলাল উদ্দিন ও শেখ কামাল। দুজনের হাতে থাকা সিগারেটের কার্টন থেকে এসব সোনার বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৫ গ্রাম। দাম প্রায় দুই কোটি টাকা। সোনা পাচারের ঘটনায় চট্টগ্রামে বিমানের কর্মচারী আটক হওয়ার ঘটনা এটি প্রথম বলে জানা গেছে।
চট্টগ্রামে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) সেলিনা আক্তার প্রথম আলোকে জানান, আটক দুজন অস্থায়ী কর্মচারী হিসেবে বিমানবন্দরে পণ্য আনা-নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সকালে শাহ আমানত বিমানবন্দরে দুটি উড়োজাহাজ অবতরণ করে। দুবাই থেকে সকাল নয়টায় ফ্লাই দুবাই এবং শারজাহ থেকে সাড়ে নয়টায় এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজ অবতরণের পর পর্যবেক্ষণ করছিল শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল। ৯টা ৪০ মিনিটের দিকে অধিদপ্তরের সিপাহি আমিরুল ইসলামের নজরে পড়েন বেলাল উদ্দিন ও শেখ কামাল। বিমানবন্দরের টার্মিনাল ভবনের বাইরে উড়োজাহাজে যাত্রী ও পণ্য ওঠানো-নামানোর স্থানে কারও হাত থেকে কিছু নিচ্ছিলেন দুজন।
তাৎক্ষণিকভাবে দৌড় দিয়ে বেলাল উদ্দিনকে ধরে ফেলেন আমিরুল। দৌড়ে পালানোর সময় শেখ কামালকে কার্গো ভিলেজের উত্তর পাশের ফটক থেকে আটক করেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মীরা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হেসেন প্রথম আলোকে জানান, এ দুই কর্মচারী কার কাছ থেকে সোনার বার নিয়েছেন তা শনাক্ত করা যায়নি। দুজনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় ফৌজদারি মামলা করা হবে।
এ বিষয়ে বিমানের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) জানান, পুলিশের প্রতিবেদন পাওয়ার পর আটক দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।