৪০০ জনের টাকা নিয়ে উধাও?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গ্রাহকদের ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে তাঁরা মথুরাপুর ইউনিয়নের আটটি গ্রামের প্রায় ৪০০ গ্রাহকের কাছ থেকে এ টাকা নিয়েছেন।
প্রতারণার শিকার ধেরুয়াহাটি গ্রামের জেল হোসেন বলেন, গত মঙ্গলবার বিকেলে এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে রোববার সকালে ২০০ টাকা ভর্তি ফি এবং ১০ হাজার টাকা সঞ্চয় হিসেবে নিয়েছেন। তাঁদের দেওয়া সময়মতো সেখানে গিয়ে আর কাউকে পাওয়া যায়নি। মথুরাপুর বাজারের ব্যবসায়ী মজনু মিয়া বলেন, ‘আমাকে তারা ৫০ হাজার টাকা ঋণ দিতে চেয়েছিল। সে হিসেবে ২০০ টাকা ভর্তি ফি এবং পাঁচ হাজার টাকা বিকাশ নম্বরে জমা দেওয়া হয়েছে। আমিসহ প্রায় ৪০০ গ্রাহকের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে গেছে।’
মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘গ্রাহকেরা প্রতারণার শিকার হওয়ার পরে বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু তাঁরা এনজিওর কর্মকর্তাদের নাম-ঠিকানা কিছুই বলতে পারেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, এনজিওর নামে প্রতারণা করে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি কেউ তাঁকে জানায়নি। তবে খোঁজ নিয়ে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী সূত্র জানায়, এক সপ্তাহ আগে ছয়জন লোক মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের আসাদুল ইসলামের বাসা ভাড়া নিয়ে সেখানে ‘গ্রামীণ জনকল্যাণ সংস্থা’ নামে একটি এনজিওর সাইনবোর্ড লাগান। এরপর তাঁরা ওই কার্যালয় থেকে প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে সদস্য সংগ্রহ করতে থাকেন। এসব গ্রাহকের কাছ থেকে ভর্তি ফি ২০০ টাকা এবং সদস্যপ্রতি এক হাজার টাকা সঞ্চয় জমাদানের বিপরীতে পাঁচ হাজার টাকা করে ঋণ দেওয়ার চুক্তি করা হয়। সেই শর্তে ৪০০ গ্রাহকের কাছ থেকে দুই থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।
এঁদের মধ্যে অলোয়া গ্রামের মজনু মিয়া পাঁচ হাজার, ধেরুয়াহাটি গ্রামের জেল হোসেন, আসাদুজ্জামন ও আমির আলী ১০ হাজার টাকা করে, বানিয়াগাতি গ্রামের ফারাইজুল ইসলাম ৩০ হাজার টাকা জমা দেন। এভাবে আটটি গ্রামের প্রায় ৪০০ গ্রাহক ২০ লক্ষাধিক টাকা জমা দেন। সঞ্চয় হিসাবে টাকা জমাদানকারীদের মঙ্গলবার দুপুরে এনজিওর কার্যালয় থেকে ঋণ দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বিভিন্ন গ্রাম থেকে গ্রাহকেরা ওই কার্যালয়ে এসে দেখেন এনজিওর কোনো কর্মকর্তা সেখানে নেই। প্রতারণার শিকার গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে এনজিওর কার্যালয়ের ওই সাইনবোর্ড খুলে ভাঙচুর করেন।
এনজিওকে ভাড়া দেওয়া বাসার মালিক আসাদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে এনজিওর ছয় কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় আদায়ের কথা বলে কার্যালয় থেকে বের হয়ে যান। পরে তাঁরা আর ফিরে আসেননি। তাঁরা গোপালগঞ্জ জেলার বাসিন্দা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা জামানত দেওয়ার কথা বলে বাসাটি ভাড়া নেন।