৪০০ বোতল ফেনসিডিল, গাড়িসহ আটক ২
ভারত থেকে পাচার হয়ে আসার সময় ৪০০ বোতল ফেনসিডিল ও একটি ব্যক্তিগত গাড়িসহ দুজনকে আটক করেছে পাবনার ঈশ্বরদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদীর গোকুলনগর বিমানবন্দর সড়কে ওত পেতে থেকে দুজনকে আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আকুন্দাপাড়ার আয়নাল ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী (২২) ও ঈশ্বরদী শহরের আমজাদ আলীর ছেলে ইয়াকুব আলী (২৮)। ইয়াকুব ব্যক্তিগত গাড়ির চালক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক খবির উদ্দিন প্রথম আলোকে জানান, উদ্ধার করা ফেনসিডিল ভারত থেকে আনার পর নাটোর জেলার লালপুর থেকে ঈশ্বরদী হয়ে পাবনা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গোকুলনগর বিমানবন্দর সড়কে তাঁরা অবস্থান নেন। এ সময় ব্যক্তিগত গাড়িটি আটক করা হয়। পরে ভেতর থেকে উদ্ধার করা হয় ৪০০ বোতল ফেনসিডিল, যার দাম প্রায় চার লাখ টাকা। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন।
ঈশ্বরদী থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাঞ্চন কুমার জানান, মামলার জন্য অভিযোগপত্র পাওয়া গেছে। এতে ব্যক্তিগত গাড়ির দামসহ সাত লাখ টাকা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।