৪০০টি বাঁধ অপসারণ হলেও একটি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী চ্যানেল-সংযুক্ত ৩২ খাল অবৈধ দখলমুক্ত করতে গত ডিসেম্বর থেকে সাড়ে চার শতাধিক বাঁধ অপসারণ করা হয়েছে। কিন্তু¦পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামের চিংড়িঘেরের বাঁধ এখনো অপসারণ করতে পারেনি প্রশাসন।
রফিকুলের ঘেরের বাঁধ অপসারণের দাবি জানিয়ে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাটালী গ্রামের সাত শতাধিক বাসিন্দা গত ২০ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেন। কিন্ত¦এখনো পর্যন্ত সেই বাঁধ অপসারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
রামপাল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মংলা-ঘষিয়াখালী চ্যানেল-সংযুক্ত ৩২টি খালে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা দুই যুগ ধরে চিংড়ি চাষ করে আসছিল। শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির পর প্রধানমন্ত্রীর নিদের্শনায় এ চ্যানেলটি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৪ সালের ডিসেম্বরের ২৩ তারিখ থেকে এ পর্যন্ত রামপাল ও মংলা উপজেলা প্রশাসন এ ৩২টি সংযুক্ত ও শাখা খাল থেকে সাড়ে চার শতাধিক বাঁধ অপসারণ করেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পেড়িখালী ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এক যুগ ধরে বড় কাটালী মৌজার মিত্তির খাল ও মহেশের খালে বাঁধ দিয়ে ২০০ একর জমিতে চিংড়ি চাষ করছেন। ওই মিত্তির খাল দিয়ে বড় কাটালী ও ভোজপাতিয়া গ্রামের প্রায় এক হাজার একর জমিতে পানি সরবরাহ হতো। এই দুটি খালের প্রায় দুই কিলোমিটার এলাকা তিনি (রফিকুল) বাঁধ দিয়ে আটকে রেখেছেন।
বড় কাটালী গ্রামের চিংড়িচাষি কামাল হোসেন জানান, তাঁরা বিষয়টি এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভূমি কার্যালয়ে জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তাঁরা গণস্বাক্ষরসংবলিত একটি অভিযোগ বিভাগীয় কমিশনারের কাছে জমা দিয়েছেন।
পেড়িখালী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘মহেশের খাল আমার ঘেরের মধ্যে নয়। আর মিত্তিরের খাল আমার ঘেরের মধ্যে পড়লেও সেটি কোনো সরকারি খাল নয়। রামপালের সরকারি খাল অবমুক্তকরণের কমিটির আমি একজন সদস্য। আমার ঘেরের মধ্যে খাল থাকলে আমি তা অবশ্যই অবমুক্ত করতাম। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা আমার প্রতিপক্ষের লোক।’
ইউএনও আবু রাফা মো. আরিফ জানান, বিভাগীয় কমিশনারের কাছ থেকে নির্দেশ পেয়ে স্থানীয় তহশিলদার ও কাননগোকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।