৪১ লাখ টাকা আত্মসাৎ, মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নীলক্ষেত বাবুপুরা ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার কমিশন বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, শিগগিরই মামলা করবেন অনুসন্ধান কর্মকর্তা।

যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন—সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া, সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান, সহসভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস।

দুদকের একটি সূত্র জানিয়েছে, জনৈক মো. আনোয়ারউল্যাহ খন্দকারের কাছ থেকে দুটি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই দফায় ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে, ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন ওই চারজন।

দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম অভিযোগটি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় মামলার অনুমোদন দেয় কমিশন।