৪১ লাখ টাকা আত্মসাৎ, মামলা করছে দুদক
৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নীলক্ষেত বাবুপুরা ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কমিশন বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেছেন, শিগগিরই মামলা করবেন অনুসন্ধান কর্মকর্তা।
মামলা হবে নীলক্ষেত বাবুপুরা ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুর রাজ্জাক ভূঁইয়া, সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান, সহসভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আলী আক্কাসের নামে।
দুদক সূত্র জানিয়েছে, জনৈক মো. আনোয়ারউল্লাহ খন্দকারের কাছ থেকে দুটি চুক্তিপত্রের মাধ্যমে সমবায় সমিতির অনুকূলে দুই
দফায় ৪১ লাখ ১৬ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু চুক্তিপত্র অনুসারে ওই টাকা ফেরত না দিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন ওই চারজন।
দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম অভিযোগটি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলার অনুমোদন দিয়েছে কমিশন।