নারায়ণগঞ্জে গৃহবধূর ৪১ হাজার টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে জেলা সঞ্চয় অফিসে ছিনতাইকারী আত্মগোপন করলে বিক্ষুব্ধ জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় র্যা ব-১১-এর একটি দল ওই অফিস থেকে ছিনতাইকারী সোহেল রানাকে (৪০) আটক করে পুলিশে দেয়।
গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের ব্যস্ততম শায়েস্তা খান সড়ক এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বন্দর উপজেলার গৃহবধূ রানু বেগম জানান, গতকাল দুপুরে তাঁর পাঁচ মাস বয়সী শিশুকে নিয়ে নারায়ণগঞ্জ পোস্ট অফিসে তাঁর সঞ্চয় হিসাবে ৪১ হাজার টাকা জমা দেওয়ার জন্য আসেন। কিন্তু অফিস থেকে তাঁকে জানানো হয়, টাকা জমা নেওয়া হবে না। তিনি অফিস থেকে বের হওয়ার সময় তাঁর টাকার ব্যাগটি এক ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। তিনি ছিনতাইকারী বলে চিৎকার করায় আশপাশের লোকজন ধাওয়া করলে ছিনতাইকারী পাশেই অবস্থিত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের জেলা ব্যুরো অফিসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ওই অফিসের এমএলএসএস জাহাঙ্গীর ছিনতাইকারীকে দরজার পর্দা এবং ছালার চট দিয়ে আড়াল করে রাখে এবং অফিসের মূল ফটক তালাবদ্ধ করে দেয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, ছিনতাইকারী সোহেলকে আটক করা হয়েছে।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক বলেন, ‘ছিনতাইকারী বাইরে অঘটন ঘটিয়ে আমার এখানে ঢুকে পড়লে কী করার আছে?’
এমএলএসএস জাহাঙ্গীরের সঙ্গে ছিনতাইকারীর যোগসাজশের অভিযোগ তিনি অস্বীকার করেন।