চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুরে জোড়া খুনের ঘটনায় ৪২ জনকে আসামি করে মামলা হয়েছে। দুর্বৃত্তের হামলায় নিহত মোহাম্মদ আলীর ভাই আবদুস সালাম বাদী হয়ে গতকাল বুধবার জীবননগর থানায় মামলাটি করেন।
মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক মোল্লা, তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টনসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে গত সোমবার রাতের জোড়া খুনের ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় উল্লেখ করা হলেও হামলার কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে গঙ্গাদাসপুরে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, গ্রামবাসীর সার্বিক নিরাপত্তা ও সংঘাত প্রতিরোধে দুজন কর্মকর্তাসহ পুলিশের ২৫ সদস্যকে সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে।
সোমবার রাতে দুর্বৃত্তরা গঙ্গাদাসপুর পূর্বপাড়ায় হামলা চালায়। তাদের বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। হামলায় শাহাবুদ্দীন (৭০), তাঁর স্ত্রী মালেকা বেগম (৫৮) ও প্রতিবেশী আবদুল মোমিন (৩০) আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত সাড়ে ১০টায় শাহাবুদ্দীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আবদুল মোমিনের অবস্থার উন্নতি হলেও মালেকা বেগমের অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।