৪৩ শিক্ষকের মধ্যে উপস্থিত একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গতকাল সোমবার একটি কলেজে ৪৩ জন শিক্ষকের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান।
এ ঘটনায় ইউএনও ওই কলেজের অধ্যক্ষের কাছে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও খোকসা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে দুইটার দিকে ইউএনও হঠাৎ শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে পরিদর্শনে যান। সেখানে কলেজের কার্যালয় কক্ষে গিয়ে তিনি শুধু ওমর ফারুক নামে ইংরেজির এক প্রভাষককে দেখতে পান। এ ছাড়া দুই অফিস সহকারীও উপস্থিত ছিলেন। বাকি ৪২ জন শিক্ষকের খোঁজ করে ইউএনও জানতে পারেন, সাতজন শিক্ষক সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে কলেজ থেকে চলে গেছেন। বাকি ৩৫ জন শিক্ষক কোনো কারণ ছাড়াই কলেজে অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে রেবেকা খান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত এবং স্বাক্ষর করে কলেজে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তিন কার্য দিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছেন অধ্যক্ষের কাছে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ রায়হানুল হক গতকাল সন্ধ্যায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমি আপনার অফিসে গিয়ে দেখা করে বিস্তারিত বলব।’ পরে রাত পৌনে আটটার দিকে প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে এসে এই প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন। শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে জানান, তাঁরা সবাই বেতন তুলতে গিয়েছিলেন।