৪৩টি পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্থানীয় ৪৩টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের জন্য হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন সংখ্যালঘু পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কালিপদ মণ্ডল। ওই লিখিত বক্তব্যে তিনি জানান, নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামে প্রায় ৭০ বছর ধরে তাঁরা বসবাস করছেন। ১৯৮৫ সালে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ৪৩টি পরিবারের ভোগদখলে থাকা জমি বন্দোবস্ত নেন। পরে ওই সব পরিবার ১৯৮৬ সালে সরকারি খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য বরিশাল জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌরনদী উপজেলা রাজস্ব কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু যথা সময়ে প্রতিবেদন দাখিল না করায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজে সরেজমিনে তদন্ত করেন। পরে তিনি এই মর্মে প্রতিবেদন দেন যে ৪৩টি পরিবার ওই জমিতে আগে থেকে বসবাস করছে। তাই আগের বন্দোবস্ত বাতিল করে, আবেদনকারীদের একরপ্রতি এক হাজার টাকা সেলামি নির্ধারণ করে বন্দোবস্ত দেওয়ার জন্য গৌরনদীর উপজেলা রাজস্ব কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাবশালী দেলোয়ার কবিরাজ, শাহে আলম হাওলাদার, সেকেন্দার হাওলাদার, আলাউদ্দিন কবিরাজ, শেখ মুজিবুর রহমানসহ একটি মহল তাঁদের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন। তা না পেয়ে তাঁদের পরিবারকে দীর্ঘদিন ধরে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা চালিয়ে আসছেন তাঁরা। তাতে ব্যর্থ হয়ে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানিও করছেন।
এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানির হাত থেকে ওই ৪৩টি পরিবারকে রক্ষার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তাঁরা।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার কবিরাজ, শাহে আলম হাওলাদার, সেকেন্দার হাওলাদার, আলাউদ্দিন কবিরাজ ও শেখ মুজিবুর রহমান বলেন, ওই জমি তাঁদের নামে বন্দোবস্ত ছিল। কিন্তু ওই পরিবারগুলো ভুয়া কাগজপত্র দিয়ে তা দখলে নেয়।
সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর উভয় পক্ষকে তাঁর দপ্তরে ডাকা হয়েছে। গৌরনদী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিলের নকল কপি চাওয়া হয়েছে। কাগজপত্র পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।