
চিকিৎসা না করালে সিয়ামের মৃত্যু অবশ্যম্ভাবী। দরকার অনেক টাকা। কী করবেন সাফিয়া? এটাই তাঁর একমাত্র ছেলে। ছেলের বাবা পেশায় ইমাম। অবশেষে ব্যবস্থা হলো। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সম্প্রতি বিনা মূল্যে চিকিৎসা পেয়েছে সিয়াম।
চিকিৎসকেরা বলছেন, সিয়াম হৃদ্যন্ত্রের মারাত্মক ত্রুটিতে ভুগছিল। রোগটির সংক্ষেপ নাম ‘টফ’। জন্মের মাস তিনেক পর থেকেই সাফিয়া খেয়াল করছিলেন সিয়াম নীলচে হয়ে যাচ্ছে, বাড়ছে না। কিন্তু তার রোগটি কী, তা বুঝতে বুঝতেই কেটে গেছে আট বছর। এখানে এসে সিয়ামের স্বজনেরা জানতে পেরেছেন সিয়ামের হৃদ্যন্ত্রে মারাত্মক ত্রুটি। অক্সিজেনসমৃদ্ধ রক্ত আর দূষিত রক্ত মিশে যাচ্ছে। হৃৎপিণ্ডের নিচের দিকে প্রকোষ্ঠের মাঝখানে ১৪ মিলিমিটার ছিদ্র।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ও কুয়েতের জয়েন্ট রিলিফ কমিটি সিয়ামের মতো জটিল রোগে ভোগা ৪৪টি শিশুর চিকিৎসার খরচ দিয়েছে। এ দফায় যারা বাদ পড়েছে, মাস ছয়েক পর তাদেরও সহযোগিতা করার প্রতিশ্রুতি পাওয়া গেছে। শুধু খরচ দিয়েই সহযোগিতা করেনি প্রতিষ্ঠান দুটি, বিশ্বের শীর্ষ হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দলও পাঠিয়েছে। দুই দেশের চিকিৎসকেরা একসঙ্গে কাজ করেছেন। এই শিশুরা সুস্থ জীবন পাবে বলে চিকিৎসকেরা আশা করছেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল সাফি মজুমদার প্রথম আলোকে বলেন, ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত শিশুদের হৃদ্যন্ত্রের জটিল ত্রুটি মেরামত ও ক্ষেত্রবিশেষে অস্ত্রোপচার করা হয়। ২০১১ সাল থেকে এই সহযোগিতা পাচ্ছে বাংলাদেশ। বছরে দুবার দরিদ্র শিশুরা বিনা মূল্যে সেবা পাচ্ছে। না হলে সরকারি সমর্থনের বাইরেও এই শিশুদের জন্য এক থেকে দেড় লাখ টাকা খরচ হতো।
পরিচালক আরও বলেন, দুই পালায় সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসকেরা কাজ করেছেন। রোগীদের পাশাপাশি চিকিৎসকেরাও উপকৃত হয়েছেন। চিকিৎসক দল বাংলাদেশের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে গেছে। বিশেষ করে শল্যচিকিৎসক কাজী আবুল হাসানের কাজ তারা খুব পছন্দ করেছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক দলের সঙ্গে এবারের কার্যক্রমে যোগ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই গভর্নমেন্ট হেলথ সেন্টারের শিশু হৃদ্রোগ বিভাগের প্রধান আহমেদ মোহাম্মদ আল কামালি। ওই হাসপাতালের আরও দুজন চিকিৎসক ছাড়াও ছিলেন সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের শিশু হৃদ্রোগ বিভাগের পরামর্শক আবদুল্লাহ হাসান আল ওয়াদাই এবং ফরিদ আহমেদ মুন্সি।
পুরো কার্যক্রমটি পরিচালনা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শিশু হৃদ্রোগ বিভাগ। সমন্বয়ক ও বিভাগীয় প্রধান এ বি এম আবদুস সালাম জানান, বাংলাদেশে তিন থেকে চার লাখ শিশু হৃদ্যন্ত্রের জটিল রোগে ভুগছে। প্রতিবছর ৬০ হাজার শিশু যুক্ত হয় এ তালিকায়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট আছে। দরিদ্র পরিবারের শিশুদের জন্য এ ধরনের চিকিৎসা ও অস্ত্রোপচার শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেই হয়ে থাকে। সে কারণে দুবাই গভর্নমেন্ট হেলথ সেন্টার ও কিং ফয়সাল হাসপাতাল এগিয়ে এসেছে। এর আগে ২০১০ সালে দলটি অন্য হাসপাতালে চিকিৎসা দেয়। কিন্তু রোগীর সংখ্যা ও পরিবারগুলোর অক্ষমতা দেখে তারা হৃদরোগ ইনস্টিটিউটকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। সেই থেকে বছরজুড়ে দরিদ্র রোগীদের তালিকা করা হয়। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি তালিকা যাচাই-বাছাই করে যাদের সত্যিই প্রয়োজন, তাদের সেবা দেয়।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনো চিকিৎসাধীন আড়াই বছরের শিশু নাবিলা। তার মা তাহমিনা জানান, তাঁর ছোট্ট মেয়েটার হৃদ্যন্ত্রে ছিদ্র ছিল। নাকে অক্সিজেন, বুকে-পিঠে নল। চিকিৎসকেরা জানালেন, নাবিলার খুব রক্তক্ষরণ হয়েছে, ঝুঁকি ছিল। ধীরে ধীরে সেরে উঠছে।
তবে সব ভালো খবরের মধ্যেও নেতিবাচক খবর হলো চিকিৎসক দল আইসিইউর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ দেখিয়েছে। তারা দ্রুত এর উন্নয়ন করার কথা বলেছে। চিকিৎসা যতই ত্রুটিমুক্ত হোক, সংক্রমণ জীবনের ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে তাদের আশঙ্কা।