৪৫ কেজি সোনাসহ ৩ মালয়েশীয় গ্রেপ্তার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৪৫ কেজি সোনাসহ মালয়েশিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই সোনার আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি টাকা। গতকাল শনিবার বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে থেকে ৪৫টি সোনার বারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এই তিনজন হলেন ই উইল কোং (৩৮), জোহারি বিন হারুন (৪১) ও মোহাম্মদ আজওয়ান বিন সালেহীন (২১)।
গতকাল বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার সোহেল রহমান বলেন, শুক্রবার রাত তিনটা থেকে বিমানবন্দরে নজরদারি করছিলেন শুল্ক কর্মকর্তারা। গতকাল বেলা সাড়ে ১১টায় ওই তিন বিদেশি মালয়েশিয়া এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে আসেন। বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাঁদের শনাক্ত করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাঁদের দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। শরীরের বিশেষ ধরনের বেল্টের ভেতর এই তিন মালয়েশিয়ান সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন। তাঁদের মধ্যে কোংয়ের কোমরের বেল্টে ও পায়ের মোজার ভেতর থেকে ২১টি বার এবং হারুন ও সালেহীনের কোমরের বেল্ট থেকে ১২টি করে মোট ২৪টি বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন এক কেজি।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়া থেকে সোনার চালান আসার বিষয়টি তাঁরা জানতে পারেন। এ জন্য বাংলাদেশ বিমান ও মালয়েশিয়ান এয়ারলাইনসের একাধিক ফ্লাইটের যাত্রীদের নজরদারি করা হয়। প্রায় ১৮ ঘণ্টার অভিযান চালিয়ে তিন মালয়েশিয়ান যাত্রীকে শনাক্ত করা হয়।
অভিযানের শুল্ক কর্মকর্তাদের ধারণা ছিল, উড়োজাহাজের ভেতর কোনো এক স্থানে সোনার বার লুকানো ছিল। তবে কাস্টম কর্মকর্তাদের ধোঁকা দিতে কৌশল বদলিয়ে শরীরের ভেতর সোনার বারগুলো বহন করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, তাঁরা সোনার চালান বহন করছিলেন। বিমানবন্দর-সংলগ্ন একটি এলাকায় এক ব্যক্তির কাছে চালানটি পৌঁছানোর কথা ছিল।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সোনা আটক করা হয়। তিনি বলেন, গত এক বছরের গ্রেপ্তার হওয়া তিন মালয়েশিয়ান বাংলাদেশে ১০ বার এসেছেন। তাঁদের মধ্যে উইল কোং এ বছর পাঁচবার বাংলাদেশে এসেছেন। এ ছাড়া সালেহীন তিনবার ও হারুন দুবার বাংলাদেশে এসেছেন। তিনজনের পাসপোর্টে অন্য কোনো ভিসা নেই। বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের ভেতরে ৬২৪ কেজি সোনা আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। এ ছাড়া ২০১৪ সাল থেকে এ বছর এপ্রিল পর্যন্ত দেশের তিনটি বিমানবন্দর থেকে ১০০০ কেজি সোনা আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দর ভবনের বাইরে ২০১২ সাল থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২৫০ কেজি সোনা আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।