
কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় গতকাল শনিবার ভোরে মহানগর গোধূলীর চাকা লাইনচ্যুত হওয়ার ৪৫ মিনিট আগেও ওই পথ দিয়ে তিনটি ট্রেন চলেছে। সর্বশেষ চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ‘জরুরি পাইলটিং’-এর মাধ্যমে নিরাপদে ওই পথ অতিক্রম করে।
এরপরই ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি নাঙ্গলকোট উপজেলার বেতাগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।
‘জরুরি পাইলটিং’ ব্যবস্থার মাধ্যমে তিনটি ট্রেন পার হওয়ার ৪৫ মিনিটের মধ্যে কীভাবে এই নাশকতা ঘটল এ নিয়ে প্রশ্ন উঠেছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামগামী গোধূলী দুর্ঘটনার কবলে পড়ার কয়েক মিনিট আগেই আমরা ওই লাইনে ঢাকাগামী তূর্ণা, ঢাকা মেইল ও সিলেটগামী জালালাবাদ পাইলটিং করে নিরাপদে পার করে দিয়েছিলাম। কয়েক মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা নাঙ্গলকোটে রেললাইনের লোহার পাত কেটে ফেলে। এতে চট্টগ্রামগামী গোধূলী দুর্ঘটনার কবলে পড়ে।’
পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক বলেন, ‘রেললাইনের পাত কাটতে আট-দশ মিনিট সময় লাগে। দুর্বৃত্তরা দক্ষ বলে মনে হচ্ছে। নাশকতা ঠেকানোর জন্য জরুরি শাটল ও জরুরি পাইলটিং কাজে ব্যবহৃত প্রতিটি ইঞ্জিনে পুলিশ, রেল নিরাপত্তারক্ষী ও রেলের যন্ত্রকৌশল বিভাগের প্রশিক্ষিত কর্মী দেওয়া হয়েছে। জরুরি পাইলটিংয়ের জন্য প্রয়োজনে আরও ইঞ্জিন সরবরাহ দেওয়া হবে।’
নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রী বা মালবাহী ট্রেন যাত্রা করার কমপক্ষে ১০ মিনিট আগে ইঞ্জিনসহ একটি বগি নিয়ে এই পথে আরেকটি ট্রেন যাত্রা করে। এক বগির ওই ট্রেনটি রেললাইন ঠিক আছে কি না, পেছনে থাকা চলন্ত ট্রেনকে সংকেত দেয়। এই পদ্ধতিই হচ্ছে পাইলটিং।
নাঙ্গলকোটে দুর্ঘটনার পর পূর্বাঞ্চলে জরুরি পাইলটিংয়ের জন্য গতকাল আরও তিনটি ইঞ্জিন সরবরাহ করা হয়েছে। ফলে জরুরি পাইলটিং ও জরুরি শাটলের জন্য ইঞ্জিনসংখ্যা দাঁড়াল ১৩টি। দুর্ঘটনার আগে ও পরে টহলের কাজে ব্যবহৃত ইঞ্জিনকে জরুরি শাটল বলা হয়।
দুর্ঘটনা: গোধূলী ট্রেনের চালক ও লোকোমোটিভ মাস্টার (এলএম) আবুল খায়ের জানান, শনিবার ভোর সোয়া পাঁচটায় নাঙ্গলকোট রেলস্টেশনের কাছে বেতাগাঁও এলাকায় ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। রেললাইন প্রায় তিন ফুট কাটা থাকায় দুর্ঘটনা ঘটে। তখন ট্রেনের গতি ছিল ৪০ কিলোমিটার। এ কারণে ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আহসান হাবিব জানান, ট্রেন লাইন কেটে নাশকতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনভর যাত্রী-দুর্ভোগ: নাঙ্গলকোটে মহানগর গোধূলীর চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় গতকাল এক জোড়া আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা)