৪৫ রকমের স্ট্যাম্প সিল ও পাকিস্তানি কোর্ট ফিসহ গ্রেপ্তার ২
নড়াইলের আদালত চত্বর থেকে ৪৫ প্রকারের স্ট্যাম্প সিল, পাকিস্তান আমলের কোর্ট ফিসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ চক্র প্রতারণার মাধ্যমে জমি কেনা-বেচা ও দখলের জন্য এসব সিল ও কোর্ট ফি ব্যবহার করত।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে নড়াইল আদালত চত্বর থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের হাবিবুর রহমান (৬৫) এবং নড়াগাতী গ্রামের আবুল কালাম ফকির (৬১)। এ চক্র জালিয়াতির মাধ্যমে জমি পাইয়ে দিতে পাকিস্তান আমলের কোর্ট ফি ও সিল ব্যবহার করত। জালিয়াত চক্রটি ভুয়া মালিকদের কাছে এসব সিল ও কোর্ট ফি সরবরাহ করে আইনি লড়াইয়ে জয়ী হতে সহায়তা করে থাকে। জমিতে সেই আমলের সিল, কোর্ট ফি থাকায় মনে হতো যেন ওই ভুয়া মালিকটি জমির আসল মালিক, অনেক আগেই তিনি জমিটি কিনেছেন।
নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার জানান, নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারীর দেওয়া তথ্য অনুসারে, আদালত চত্বরে মফিজুর রহমানের চায়ের দোকান থেকে হাবিবুর রহমান ও আবুল কালামকে অতিরিক্ত জেলা প্রশাসকের অফিস কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৫ প্রকারের স্ট্যাম্প সিল, পাকিস্তান আমলের কোর্ট ফি ও বেশ কয়েক রঙের কলম পাওয়া যায়। এসব সিলের মধ্যে নড়াইল, লোহাগড়া, কালিয়া, যশোর, মাগুরাসহ বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রারের মোহর, গেজেট কর্মকর্তার সিলসহ জমিজমা জালিয়াতির কাজে ব্যবহৃত সিল রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেলোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। জালিয়াত চক্রের অন্য সদস্যদেরও খোঁজ করা হচ্ছে।