৪৫০টি গাছ নিধন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শুক্রবার পূর্বশত্রুতার জের ধরে একটি বাগান ও সড়কের দুই পাশের ৪৫০ গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক ও এলাকাবাসী জানায়, উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামের পল্লিচিকিৎসক মো. শাহজাহান চার বছর আগে নিজ বাগানে তিন শতাধিক ও সড়কের দুই পাশে দেড় শতাধিক গাছ লাগান। গত শুক্রবার গভীর রাতে কে বা কারা সবগুলো গাছ কেটে ফেলে।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, বাগানের তিন শতাধিক একাশিয়া ও ইউক্যালিপটাসগাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া দক্ষিণ কাওয়াকুড়ি থেকে পাইখাতলা পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের দুই পাশের ১৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। গ্রামের উৎসুক নারী-পুরুষ কেটে ফেলা গাছ দেখতে ভিড় করেছেন।
রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনোয়ার হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরেই রাতে দুর্বৃত্তরা গাছগুলো নিধন করেছে।
ক্ষতিগ্রস্ত বাগানের মালিক জানান, এলাকায় কারও সঙ্গে বিরোধ নেই। তবে গত বছর উত্তর কাওয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় তাঁর সঙ্গে কিছুটা বিরোধ তৈরি হয়। তবে এই অপরাধ যারাই করুক আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’