কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা ও গুলির ঘটনায় গতকাল শনিবার আরও পাঁচজন রোহিঙ্গা দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। এ ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
মামলার পর গ্রেপ্তার-আতঙ্কে উপজেলার বালুখালী, পালংখালীসহ কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
গত শুক্রবার সকালে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বালুখালী এলাকায় অনুপ্রবেশকারী শতাধিক রোহিঙ্গাকে আটকের ঘটনায় দালালদের সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় দালালের গুলিতে বিজিবি সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। হামলার পর বিজিবি দালালদের সহযোগী শাহ আলমগীরকে আটক করে। আটক ১০৮ রোহিঙ্গাকে শুক্রবার সন্ধ্যায় আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শুক্রবার রাতে উখিয়া থানায় বালুখালী বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. জাগির হোসেন বাদী হয়ে ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে শাহ আলমগীরকে মামলায় প্রধান আসামি করা হয়। মামলায় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গফুর উদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়েছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার প্রথম আলোকে জানান, শাহ আলমগীরসহ এ পর্যন্ত ছয় রোহিঙ্গা দালালকে আটক করা হয়েছে। আটক পাঁচজন হলেন বালুখালী গ্রামের নুরুল আবছার, ধামনখালী গ্রামের মো. ইসহাক, মো. রাসেল, থাইংখালী হাকিম পাড়ার সাহাব উদ্দিন ও বালুখালী পূর্ব পাড়ার ফয়সাল হক।
উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, আসামিদের গ্রেপ্তারে এলাকায় পুলিশ-বিজিবির অভিযান চলছে।
বিজিবির সূত্র জানায়, গফুর উদ্দিন চৌধুরীর নির্দেশে শুক্রবার রোহিঙ্গা পাচারকারী সশস্ত্র দালালচক্র বিজিবির সদস্যদের ওপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে গফুর জানান, যারা রোহিঙ্গাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তারাই বিজিবির সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এর দায় চাপানো হচ্ছে তাঁর ওপর। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তিনিসহ কয়েকটি গ্রামের বিএনপি-সমর্থক লোকজনকে ঘরছাড়া করা হয়েছে। যৌথ অভিযানের নামে লোকজনের ঘরবাড়িতে তল্লাশি শুরু করায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বিজিবির সদস্যদের ওপর হামলাকারীদের ধরতে পুলিশ-বিজিবির অভিযান চলছে। গফুর উদ্দিন চৌধুরীর নির্দেশেই আটক ১০৮ জন রোহিঙ্গাকে ছিনিয়ে নিতে দালালচক্র শুক্রবার হামলা ও গুলি চালায়। নিরীহ কাউকে হয়রানি করা হবে না।