৪৬টি প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার টিআর ও কাবিখার বরাদ্দ আত্মসাৎ করার অভিযোগে ৪৬ প্রকল্প কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও)। আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৫ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে জেনারেল সার্টিফিকেট কর্মকর্তার কার্যালয় থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার আগেই চারজন অর্থ ফেরত দিয়ে মামলা থেকে রেহাই পান। পরোয়ানার নির্দেশ পালন করার জন্য নান্দাইল মডেল থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্ বলেন, কবে পরোয়ানাগুলো এসেছে তা নথিপত্র না দেখে তিনি বলতে পারবেন না।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে ২০০৪-০৫ অর্থবছর পর্যন্ত পৃথক দুটি সরকারের আমলে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকার ৪৬টি প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতের ৩৬টি প্রকল্পের ৫১ দশমিক ২৭৯ মেট্রিক টন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ১০টি প্রকল্পের ২৭ দশমিক ১০১ মেট্রিক টন বরাদ্দ আত্মসাতের ঘটনা আছে। মামলা দায়েরের আগে পিআইও কার্যালয় থেকে আত্মসাৎকৃত বরাদ্দের দ্বিগুণ মূল্য ফেরত দিয়ে অভিযোগ নিষ্পত্তির সুযোগ দিয়ে প্রকল্প কমিটির সভাপতিদের চিঠি দেওয়া হয়। এরপর চারজন অর্থ ফেরত দেন।
বিভিন্ন সময়ের দলীয় নেতা-কর্মী, পিআইও কার্যালয়সহ বিভিন্ন সূত্রে জানা যায়, আত্মসাতের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অনেকেই জড়িত। রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে উল্লিখিত অর্থবছরগুলোর টিআর ও কাবিখা প্রকল্পের তালিকায় তাঁরা নিজেদের প্রকল্প অন্তর্ভুক্ত করেন। পরে তাঁরা প্রকল্প কমিটির সভাপতি হয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে অঙ্গীকার করে সরকারি বরাদ্দের ছাড়পত্র গ্রহণ করে। পরে বিগত সাতটি অর্থবছরে একাধিক পিআইও এ ধরনের ৪৬টি প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করার অভিযোগ তদন্ত করে সত্যতা পায়। এরপর অভিযুক্ত ব্যক্তিদের কাছে বরাদ্দ ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বি এম সিরাজুল হক বলেন, নানা প্রক্রিয়া অনুসরণের পর প্রায় ২০ লাখ ৬৭ হাজার টাকার সমপরিমাণ অর্থ আদায় করার জন্য সরকার সার্টিফিকেট মামলা করেছে।