৪৭ দিন ধরে কলেজছাত্রী নিখোঁজ
রাজশাহীতে ৪৭ দিন আগে নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা গতকাল সোমবার নগরের কোর্ট শহীদ মিনার এলাকায় মানববন্ধন করেছেন। বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
নিখোঁজ ছাত্রীর নাম সিদরাতুল মুনতাহা মিজান রিয়ানা। সে রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে নগরের কোর্ট স্টেশনের হড়গ্রাম বাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে।
আইনজীবী আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিখোঁজ ছাত্রীর বাবা মিজানুর রহমান, নারীনেত্রী কল্পনা রায়, রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনোয়ারুল আমিন আজব, রাজশাহী বারের সভাপতি মোজাম্মেল হক, নগরের দিগন্তপ্রসারী ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, সমাজসেবক মুরাদ পারভেজ প্রমুখ।
বক্তারা নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের ব্যাপারে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তাঁরা ওই ছাত্রী যেখানেই থাকুক বেঁচে আছে কি না, তা জানতে চান।
ওই ছাত্রীর বাবা মিজানুর রহমান জানান, ১২ আগস্ট সকাল আটটার দিকে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক ওরফে দিনারের ফোন পেয়ে তাঁর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি ১৫ আগস্ট মমিনুল হক, তার মামা ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।
রাজশাহী মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, ‘মেয়েটাকে উদ্ধার করতে আমরা চেষ্টা করছি। আমরা আধুনিক ও সনাতন পদ্ধতির চেষ্টা অব্যাহত রাখব।’