৪৭ হাজার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারে র্যাব, বিজিবি ও হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ হাজার ৩৫টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু তুলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে রামু ক্রসিং হাইওয়ে পুলিশ। এ সময় জালাল আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায়। জালাল আহমদকে রামু থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রামু সেনানিবাসের সামনে রামু-মরিচ্যা সড়ক দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় সেনাসদস্যরা গতি কমানোর জন্য সংকেত দেন। এ সময় ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি টেকনাফ থেকে ওই সড়ক দিয়ে রামুর দিকে যাচ্ছিল। পরে সেনাসদস্যদের খবরের ভিত্তিতে রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মনজুর সিদ্দিকীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিতে তল্লাশি চালান। এ সময় ট্রাকের ভেতর থেকে ২৯ হাজার ৫৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মনজুর সিদ্দিকী বলেন, ‘এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।’
একই দিন বিকেলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৩ হাজার ৮৬০টি ইয়াবা বড়িসহ জসিম উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করেছেন। জসিমের বাড়ি শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায়। এ সময় তাঁর মুঠোফোনটিও জব্দ করে র্যাব। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরাফত ইসলাম জানান, ইয়াবা বিক্রির সময় জসিমকে হাতেনাতে আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে।