৪৮ ঘণ্টায় তিন বাড়িতে ডাকাতি
৪৮ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা শহরের তিন বাড়িতে ডাকাতি ও এক বাড়িতে চুরি হয়েছে। ডাকাতেরা এসব বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
এত কম সময়ের মধ্যে তিন বাড়িতে ডাকাতি হওয়ায় শহরের অধিকাংশ মানুষের মধ্যে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে।
চিকিৎসক অরুণ ব্যানার্জি জানান, তিনি সাতক্ষীরা শহরের কাটিয়ার রেজিস্ট্রিপাড়ায় নজমুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত তাঁর ভাড়াবাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ৩৬ হাজার টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, ক্যামেরা ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।
আশাশুনী উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল আলম জানান, তাঁর সাতক্ষীরা শহরের সরকারি কলেজ রোডের দ্বিতল ভবনের প্রধান ফটক ভেঙে গত রোববার গভীর রাতে সশস্ত্র ডাকাত দল ভেতরে ঢোকে। পরে তারা বাড়ির সবাইকে বেঁধে এক লাখ ৭৭ হাজার টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি মুঠোফোনসহ অন্যান্য জিনিস লুট করে।
একইভাবে শনিবার দিবাগত রাতে শহরের আমতলার মিজানুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। এ বাড়ি থেকে ৭০ হাজার টাকা, এক ভরি ওজনের গয়নাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।