৪৯ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর থেকে অপহরণের ৪৯ দিন পর অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার এবং এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসা থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২)। পরদিন ওই ছাত্রীর মা কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা বলেন, ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের মো. নিজাম (২৫) ওই ছাত্রীকে অপহরণ করে আশুলিয়ার একটি বাড়ির বাথরুমের ওপরে স্টোর রুমে আটকে রেখেছিল। মুঠোফোন ট্র্যাক করে নিজামকে গ্রেপ্তার করা হয় এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। নিজামকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে অপহৃত ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।