৫ কেবিন ক্রুর আইফোন ও কসমেটিকস পণ্য জব্দ

ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কেবিন ক্রুর কাছ থেকে আটটি আইফোন ও কিছু সংখ্যক কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বিমানের ১২৮ নম্বর ফ্লাইট ঢাকায় আসে। পরে এক সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের পাঁচ ক্রুর ব্যাগ তল্লাশি করে এসব জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ব্যাগেজ নীতিমালা অনুযায়ী, একজন ক্রু ৩০০ ডলার সমমূল্যের পণ্য আনতে পারেন। তবে আইফোন ও কসমেটিকস পণ্য ক্রয়ের কোনো দলিলাদি উপস্থাপন করতে না পারায় তা জব্দ করা হয়েছে।
যে পাঁচ কেবিন ক্রুর কাছ থেকে এসব জব্দ করা হয়েছে। তারা হলেন মর্জিনা আক্তার এলিন, পাসপোর্ট নং BC0965909, সালমা সুলতানা, পাসপোর্ট নং BB0396654, ফারজানা গাজী, পাসপোর্ট নং BC0995223, মো. মইন উদ্দিন আদনান, পাসপোর্ট নং BE0171365 ও রোমান সিকদার, পাসপোর্ট নং BC03597684।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, জব্দ করা আইফোনের মধ্যে চারটি আইফোন-১০ ও বাকি চারটি আইফোন-৮ মডেলের। কসমেটিকস পণ্যের মধ্যে রয়েছে পারফিউম ও বডি স্প্রে। ক্রুদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে টাকার বিনিময়ে ঢাকায় তানিম রেজা নামে একজনের কাছে হস্তান্তরের লক্ষ্যে এসব বহন করা হচ্ছিল। জব্দ করা এসব পণ্যের আর্থিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।
তানিম নামে ওই ব্যক্তির মোবাইলে (০১৭....৬০১৬) ফোন করে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলনে, ওই ক্রুরা প্রথমে অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করেছেন। এসব পণ্য তানিম নামে একজনকে দেওয়ার কথা ছিল। ক্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষে জনানো হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।