৫ কোটি টাকা পাওনা রেখে ব্যবসায়ী আত্মগোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী ও ব্যাংকের প্রায় পাঁচ কোটি টাকার পাওনা পরিশোধ না করে আত্মগোপন করেছেন পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনার নর্দান জুট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবু দাউদ ওরফে ডিউক। এ অভিযোগে তাঁর নামে আদালতে দুটি মামলা বিচারাধীন আছে।
মামলা সূত্রে জানা যায়, জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আবু দাউদ আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে দীর্ঘদিন ধরে পাট ও ভুসিমালের ব্যবসা করে আসছিলেন। গোকুলখালীর পাশাপাশি ২০০৯ সালে খুলনার দৌলতপুর খান এ সবুর রোড এলাকায় নর্দান জুট ট্রেডিং নামের প্রতিষ্ঠান খুলে পাটের ব্যবসা শুরু করেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খুলনায় ব্যবসা শুরুর কিছুদিনের মধ্যেই পাওনা টাকা দিতে টালবাহানা শুরু করেন আবু দাউদ।
পরে অর্জুন প্রসাদ আগরওয়ালা ও মজিবুল হক নামে দুই ব্যবসায়ী পাওনা আদায়ের জন্য আদালতে সাতটি মামলা করেন। এর মধ্যে অর্জুন চারটি ও মজিবুল তিনটি মামলা করেন। ২০১৩ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত সাতটি মামলার মধ্যে ছয়টির রায় ঘোষণা দিয়েছেন আদালত। রায়ে ওই দুই ব্যবসায়ীর পাওনা এক কোটি ৩৬ লাখ টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব কটি রায়ে টাকা পরিশোধের পাশাপাশি ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর পর থেকে দাউদ আত্মগোপনে আছেন। এক কোটি ২১ লাখ টাকা পাওনা দাবিতে মজিবুল হকের দায়ের করা আরও একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী অর্জুন প্রসাদ জানান, এলাকার ছেলে হিসেবে তাঁর প্রতিষ্ঠানে তিনি পাট বিক্রি করতেন। প্রথমদিকে নিয়মিত টাকা দিলেও একপর্যায়ে দাউদ টালবাহানা শুরু করেন। পরে নগদ টাকার বিপরীতে চেক দিলেও ব্যাংকে কোনো টাকা পাওয়া যায়নি। বাধ্য হয়েই তিনি ২০১১ সালের বিভিন্ন তারিখে আদালতে চেক ডিজঅনার মামলা করেন। যার মধ্যে ২৫ লাখ টাকার তিনটি ও ৩৫ লাখ টাকার মামলার রায় দিয়েছেন আদালত।
সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজিবুল হক জোয়ার্দ্দার জানান, আবু দাউদের বিরুদ্ধে এক কোটি ৬১ লাখ টাকা পাওনা আদায়ে আদালতে তিনটি মামলা করা হয়। যার মধ্যে ১৫ ও ১৬ লাখ টাকা পাওনার মামলা দুটির রায় ঘোষণা হয়েছে। এ ছাড়া আবু দাউদের ভাই দৌলতপুরের প্লাবন জুট ট্রেডার্সের স্বত্বাধিকারী ওবাইদুর রহমানের বিরুদ্ধে ৩০ লাখ টাকা ও ১৭ লাখ ৪০ হাজার টাকা পাওনা দাবিতে আরও দুটি মামলা আছে।
অন্যদিকে সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা ২১ অক্টোবর পর্যন্ত সুদসহ পাওনা এক কোটি ৫৬ লাখ দুই হাজার ২৬১ টাকা পাওনা আদায়ে বন্ধকি সম্পত্তি (জমিসহ গ্রামের বাড়ি ও আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান) দ্বিতীয় দফায় নিলাম ঘোষণা করেছেন। যা ২ নভেম্বর স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে।
আবু দাউদের ভাই ওবাইদুর জানান, আবু দাউদের সঙ্গে তাঁকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। আবার প্রকৃত পাওনার চেয়ে বেশি অঙ্কের টাকা দেখিয়ে মামলা করা হয়েছে। চলতি বছরের প্রথমদিকে দৌলতপুরে অবস্থিত পাটের গুদামে আগুন লেগে আবু দাউদের প্রায় পাঁচ কোটি টাকার পাট পুড়ে যায়। হিসাব-নিকাশ শেষে িবমা কোম্পািন ক্ষতির টাকা পরিশোধের আশ্বাস দিয়েছে। ওই টাকা পেলেই পাওনাদারদের প্রকৃত বকেয়া পরিশোধ করা হবে।