
আইনের তোয়াক্কা না করে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সরকারি খাল-জলাশয় ও ব্যক্তিমালিকানায় থাকা পুকুর ভরাট করে ফেলার অভিযোগ উঠছে। পাঁচটি খালের মধ্যে দখলের কবলে পড়ে চারটিই এখন অস্তিত্বহীন। হুমকিতে রয়েছে অন্যটিও। এভাবে খাল ও পুকুর ভরাট হওয়ায় মুখ থুবড়ে পড়ছে পয়োনিষ্কাশনব্যবস্থা। ফলাফল, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হয়ে চরম দুর্ভোগে পড়ছে পৌরবাসী।
কয়েক বছর ধরে এই অবস্থা চললেও সংশ্লিষ্ট প্রশাসন যেন নির্বিকার। কোনো ব্যবস্থা না নেওয়ায় ভরাটের এই প্রবণতা ক্রমেই বাড়ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলা সদরের পৌর এলাকার এসএ এবং আরএস নকশায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের (ওয়াপদা বাঁধ) পশ্চিমে কামারপাড়া, মামুদপুর, শের নগরের মধ্য দিয়ে দুটি ও বাঁধের পূর্ব পাশের মুকুন্দগাঁতী, চালা, ক্ষিদ্রমাটিয়া গ্রামের মধ্য দিয়েও তিনটি খাল প্রবাহিত ছিল। পৌরসভার অভ্যন্তরে গাড়ামাসী, চন্দনগাঁতী, জিধুরী মহল্লার মধ্য দিয়েও ছিল দুটি খাল। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালসংলগ্ন অধিকাংশ এলাকা ও খালের প্রবেশমুখ ভরাট করে নানা স্থাপনা তৈরি করেছেন। ফলে পৌর এলাকার পয়োনিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শেরনগর উত্তরপাড়ায় পৌর মেয়রের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত পুরোনো খাল ভরাট হয়ে এখন খালের চিহ্নটুকুই নেই। আবার শের নগর বাজারের উত্তর সীমানাসংলগ্ন খালটির কিছু অংশ ভরাট করে দালান তোলা হচ্ছে। খালটির পশ্চিম প্রান্তে হাজি আবদুল বাকীর বাড়ির উত্তর-পূর্ব পাশে খালের মুখ ও একটি কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ওয়াপদা বাঁধের পূর্ব পাশে মুকুন্দগাঁতী, চালা ও ক্ষিদ্রমাটিয়া মহল্লার মধ্য দিয়ে প্রবাহিত খালগুলোর অধিকাংশ স্থানও ভরাট করে নেওয়া হয়েছে প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এই খালগুলোর অস্তিত্ব এখন খুঁজে পাওয়াই কঠিন।
অন্যদিকে, পৌরসভার অভ্যন্তরে ব্যক্তিমালিকানাধীন পুকুরও ভরাট করা হচ্ছে। পৌর মেয়রের নিজস্ব বাড়ির পুকুর, প্রভাবশালী ছামাদ শিকদারের বাড়ির পুকুর, সোহাগ সিনেমা হলের পার্শ্ববর্তী পুকুরসহ প্রায় অর্ধশত পুকুর ভরাট করা হয়েছে এরই মধ্যে।
পৌর এলাকার একমাত্র জীবিত খাল বলতে এখন পানি উন্নয়ন বোর্ডের ‘ওয়াপদা খাল’ই ভরসা। এই খালটিও কারখানার বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। খালটির বেশ কিছু অংশ প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন।
পৌর এলাকার আজিম উদ্দীন, ফরহাদ আলী, শুকুর মাহমুদ প্রমুখ প্রবীণ ব্যক্তি জানান, এককালে এ খালগুলো দিয়ে সারা বছরই পানির প্রবাহ ছিল। বর্তমানে ভরাট হওয়ায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এখন অল্প বৃষ্টিতেই পুরোনো আদালত চত্বর, চরচালা, মুকুন্দগাঁতী পশ্চিম, বাজার এলাকা, শের নগরসহ বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। তাঁরা আরও জানান, বিশেষ করে ওয়াপদা বাঁধের পশ্চিম অংশ থেকে বৃষ্টি বা বন্যার পানি বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে পৌর শহরটির পয়োনিষ্কাশনব্যবস্থাই পড়েছে হুমকির মুখে। ভরাটকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ তাঁদের কাজের প্রতিবাদ করার সাহস পান না।
খাল ভরাট করে ভবন ও দোকানপাট নির্মাণ করেছেন এমন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছে এ ব্যাপারে জানতে চাইলেও তাঁরা মুখ খুলতে রাজি হননি।
জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম তালুকদার বলেন, জলাধার সংরক্ষণ আইন-২০০০ ও পরিবেশ আইন অনুযায়ী খাল-বিল-জলাশয়-পুকুর ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ।
আর বেলকুচি পৌরসভার মেয়র মফিজ উদ্দীন খান বলেন, অনেক আগে থেকেই ভরাটের বিষয়টি চলে আসছে। পুকুর ভরাটের অনুমতির প্রয়োজন থাকলেও অনেকেই তা নেন না; নিষেধ করলেও তাঁরা শোনেন না। তিনি আরও বলেন, ‘ঘনবসতি হওয়ার কারণে ভরাটের প্রবণতাও বাড়ছে। বর্তমানে ড্রেন নির্মাণের ব্যবস্থা নেওয়া হলেও তা বাস্তবায়নে সমস্যা হচ্ছে। শহরটির জলাবদ্ধতা নিয়ে আমি নিজেও দুশ্চিন্তার মধ্যে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হাসান বলেন, ‘আমি নতুন এসেছি। ভরাটের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পৌর মেয়রকে সঙ্গে নিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।’