৫ জঙ্গিসহ ছয়জনের ডিএনএ স্বজনদের সঙ্গে মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান হামলা
গুলশান হামলা

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি উদ্ধার অভিযানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের ডিএনএ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে। ওই ছয়জনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, গত সোমবার ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে পাঁচ জঙ্গিসহ ওই ছয়জনের ডিএনএ পরীক্ষার ফল এসেছে। এতে দেখা গেছে, ওই ছয়জনের প্রত্যেকের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের ডিএনএ মিলেছে। লাশ নিতে চাইলে স্বজনদের আবেদন করতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন মামলার প্রয়োজনে লাশগুলোর আর প্রয়োজন নেই, তাহলে তিনি আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত পাঁচ জঙ্গি হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান ইবনে ইমতিয়াজ, স্কলাস্টিকার ছাত্র মীর সামেহ মোবাশ্বের, মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ছাত্র নিবরাস ইসলাম এবং বগুড়ার শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। নিহত অপরজন হলেন হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার। পুলিশের সন্দেহ, তিনি জঙ্গিদের সহায়তা করেছিলেন।
গত ২০ জুলাই রোহান, মীর সামেহ, নিবরাস ও সাইফুলের অভিভাবকদের ডিএমপির গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। ওই দিনই পুলিশের অপরাধ তদন্ত বিভাগে অভিভাবকত্ব নির্ধারণের জন্য তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেছেন, তাঁরা লাশ নিতে চান। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সন্তানের কারণে আমরা একরকম একঘরে হয়ে আছি। তবু সন্তান তো সন্তানই। আমরা ছেলেকে কবর দিতে চাই।’ আরেক অভিভাবক বলেন, ডিএনএ নমুনা দিয়ে আসার পর পুলিশ আর তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। ছেলের কৃতকর্মের জন্য তাঁরাও যোগাযোগ করতে সাহস করছেন না। তিনিও সন্তানের লাশ দেখতে চান।
এদিকে গত ২৬ জুলাই কল্যাণপুরে সোয়াটের অভিযানে নিহত নয় জঙ্গির সাতজনের অভিভাবকদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ গত শনিবার আকিফুজ্জামানের অভিভাবকেরা ডিএনএ নমুনা দিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তারেক ওরফে আবু রায়হানের স্বজনেরা ডিএনএ নমুনা দেননি। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। এই নয়জনের লাশ রয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কল্যাণপুরের ঘটনায় একজনের লাশ শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে তিন-চারটি পরিবার এসে লাশ দেখে গেছে। নিখোঁজ স্বজনের সঙ্গে লাশের চেহারার মিল না থাকায় তাঁরা ফিরে গেছেন। তবে আমরা নয়জনের শরীর থেকেই ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলাম। আদালতের নির্দেশে সেগুলো পুলিশকে হস্তান্তর করেছি।’
হলি আর্টিজানে হামলায় সন্দেহভাজন সমন্বয়কারী নুরুল ইসলাম ওরফে মারজানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। প্রায় ১০ দিন আগে মারজানের ছবি প্রকাশ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানে জেএমবির বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হলি আর্টিজানের হামলার বিষয়ে তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কল্যাণপুরের ‘জঙ্গি আস্তানা’য় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজনকে আসামিও করা হয়েছে। কারণ, গুলশান ও কল্যাণপুরে আস্তানা গাড়া জঙ্গিরা একই দলের এবং একে অন্যকে চিনতেন।