৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মধুপুর থানার আউশনাড়া বোকারবাইদ এলাকার এস এম নুরুজ্জামান, একই থানার কুড়িবাড়ি এলাকার মো. হারুন অর রশিদ, জটাপাড়া (পশ্চিমপাড়া) এলাকার শাহজাহান আলী, বোয়ালী মধ্যপাড়া এলাকার মনিরুজ্জামান ও কালিহাতী থানার মহেলা গুচ্ছগ্রামের বীথি আক্তার।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মো. ফজলুল কাদের জানান, ২০১২ সালের ৬ ডিসেম্বর বীথি আক্তার মামাতো বোনের বিয়েতে যাওয়ার কথা বলে ওই স্কুলছাত্রীকে তাঁর বাসা থেকে নিয়ে যান। পরে তাকে মধুপুর থানার আউশনাড়া এলাকার নুরুজ্জামানের বাড়িতে নিয়ে যান বীথি। এরপর বীথি চলে যান। সেই দিন রাতে ওই বাড়িতে অন্য আসামিরা গিয়ে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।