৫ দিন পরে চালক গ্রেপ্তার, হাত হারানো ছাত্র হাসপাতালে

রাজশাহীতে দুটি গাড়ির সংঘর্ষে হাতে হারানো কলেজছাত্র ফিরোজ সরদার (২৫) এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর ঘটনার পাঁচ দিন পর আজ বৃহস্পতিবার সকালে বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফিরোজ সরদার যে বাসের যাত্রী ছিলেন, সেটির সঙ্গে বিপরীতমুখী যে গাড়ির সংঘর্ষ হয়েছিল সেটি বাস নয়, ট্রাক। পুলিশ সেই ট্রাকও জব্দ করেছে। এর আগে দুই বাসে সংঘর্ষের বিষয়টি প্রচার হয়েছিল। তবে ট্রাকের চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবীর আজ নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে চালককে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করার বিষয়ে তথ্য দেন।
গ্রেপ্তার হওয়া বাসচালকের নাম ফারুক হোসেন সরকার (৩৯)। রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামে তাঁর বাড়ি। ফারুকের বাবার নাম আতাহার আলী সরকার। আজ সকাল ৭টার দিকে পুঠিয়া বাজার থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার রাত ১১টার দিকে ওই ট্রাক জব্দ করে পুলিশ। রাজশাহী নগরের উপরভদ্রা এলাকার একটি ওয়ার্কশপ থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর গত শনিবার দিবাগত রাতে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল থেকে ‘মোহাম্মদ’ নামের ওই বাসটি জব্দ করা হয়। বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব ১৫-০৪৬২’। তবে সেদিন বাসের সঙ্গে চালককে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন, গত শুক্রবার আদা নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল ‘ঢাকা মেট্রো-ট ১৬-৮৭৯৬’ নম্বরের ওই ট্রাক। আর বগুড়া থেকে রাজশাহী আসছিল ‘মোহাম্মদ’ নামের বাস। দুটি গাড়িই চলছিল বেপরোয়া গতিতে। বাস ও ট্রাকের পরস্পরের সঙ্গে ঘষা লাগে। এতেই চাপা পড়ে ফিরোজের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ কমিশনার জানান, ঘটনার পর বাসযাত্রী ফিরোজ শুধু বলতে পেরেছিলেন, তিনি যে বাসের যাত্রী ছিলেন তার নামের ইংরেজি প্রথম দুই অক্ষর ‘এম আর ও’। এর ভিত্তিতেই তদন্ত করে পুলিশ বাসটি জব্দ করে। কিন্তু কোন গাড়ির সঙ্গে চাপা লেগেছিল তা কেউ বলতে পারছিলেন না। অবশেষে গোয়েন্দা তথ্য এবং ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজের মাধ্যমে ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, দুর্ঘটনার পর আটক হওয়ার ভয়ে ট্রাকচালক ঢাকা না গিয়ে পুঠিয়া উপজেলার বেলপুকুর থেকে ঘুরে বাইপাস সড়ক হয়ে আবার রাজশাহী চলে আসেন। এরপর নগরের ছন্দা পেট্রল পাম্পে ট্রাকটিকে রাখা হয়। পরে সকালে তিনি আবার ঢাকা যান। ঢাকা থেকে ফিরে আবার ছন্দা পেট্রল পাম্পে ট্রাক রেখে চালক আত্মগোপন করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক মেরামতের জন্য গত বুধবার নগরের উপরভদ্রা এলাকার একটি ওয়ার্কশপে নিয়ে যান চালকের সহকারী। সেখান থেকেই সেটি জব্দ করে নগর পুলিশের সদর দপ্তরে রাখা হয়েছে।
হুমায়ুন কবীর জানান, ট্রাকের চালককেও শনাক্ত করা হয়েছে। তাঁর নাম মো. ওয়াহিদুজ্জামান (২৪)। রাজশাহীর চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামে তাঁর বাড়ি। বাবার নাম আবদুল কাদের। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার বাসচালক দুর্ঘটনার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
ওই দুর্ঘটনার পর ফিরোজ সরদারের বাবা মাহফুজ আর রহমান বাদী হয়ে দুই গাড়ির চালককে আসামি করে নগরের কাটাখালী থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাসচালক ফারুক হোসেন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ফিরোজ সরদার রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর বাড়ি বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার নামোইটগ্রাম মহল্লায়। বাড়ি থেকে ২৮ জুন তিনি বাসে চড়ে রাজশাহী ফিরছিলেন। ফিরোজের ভাষ্যমতে, তিনি বাসের একেবারে শেষের সিটে বসে ছিলেন। আর ডান হাতে জানালার ভেতর দিয়েই সামনের সিট ধরে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে তার হাত জানালার বাইরে চলে যায়। তখনই পাশের গাড়ির সঙ্গে বাসটি ধাক্কা খায়। এতে চাপা পড়ে তার ডান হাত কনুইয়ের ওপর থেকে কেটে পড়ে যায়।
ফিরোজ সরদারের স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা চলছে। দুর্ঘটনার আগে তিনি দুটি পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু পরেরগুলো আর দেওয়া হয়নি। তিনি এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে পুলিশ কমিশনার হুমায়ুন কবীর তাঁকে দেখতে যান। এ সময় তিনি ফিরোজের চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেন।
হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, ফিরোজ এখন ভালো আছেন। তবে চিকিৎসা শেষ করে বাড়ি ফিরতে তাঁর সময় লাগবে।