৫ বছরে ২৭৫ কোটি টাকা লোপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় টোল আদায় শুরুর পর এক মাসের ব্যবধানে মেঘনা-গোমতী সেতুতে আয় বেড়েছে ছয় কোটি টাকার বেশি। গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দৈনিক গড়ে প্রায় ১৯ লাখ টাকা আয় বেড়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এক মাসের ব্যবধানে যানবাহন বৃদ্ধির ফলে টোল বেড়েছে এটা মনে করার কারণ নেই। বরং ঠিকাদারের মাধ্যমে টোল আদায়ের সময় টোলের একটা অংশ যে লোপাট করেছে, তা বোঝা যাচ্ছে। এই লোপাটে সহায়তা দিয়েছেন সওজের কিছু কর্মকর্তা। পাঁচ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা লোপাট হয়েছে।।
তবে আগে টোল আদায় করা ঠিকাদার প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজিস (এটিটি) কর্তৃপক্ষ বলেছে, এটিটিকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করে কেউ বাড়তি আদায় দেখাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু দুটি সওজের অধীন। এই দুটি সেতু পারাপার হওয়া যানবাহনের টোল একসঙ্গে আদায় করা হয়। ২০১০ সাল থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর টোল আদায়ের দায়িত্বে ছিল এটিটির।
নতুন ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে গত ১ অক্টোবর থেকে টোল আদায় করছে সওজ নিজে। অনানুষ্ঠানিকভাবে কারিগরি সহায়তা দিচ্ছে সিএনএস নামের একটি প্রতিষ্ঠান। এটিটি সেতু বিভাগের অধীন মুক্তারপুর সেতুতে টোল আদায় করে।
সওজ সূত্র বলেছে, অক্টোবর মাসে এই দুই সেতু থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে। এর পরিমাণ ২১ কোটি ৬০ লাখ টাকারও বেশি। দৈনিক গড়ে আদায় হয়েছে প্রায় ৬৯ লাখ ৬৭ হাজার টাকা। আর সেপ্টেম্বর মাসে এটিটি আদায় করেছিল প্রায় ১৫ কোটি ২৪ লাখ টাকা। আগস্টে তারা আদায় করে ১৫ কোটি ৬০ লাখ টাকার কিছু কম। অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠান এটিটি আগস্ট ও সেপ্টেম্বরে গড়ে প্রতিদিন ৫০ লাখ ৫৫ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিয়েছে। যা অক্টোবরের তুলনায় দৈনিক গড়ে ১৯ লাখ ১২ হাজার টাকা কম। ১ আগস্ট থেকে মেঘনা-গোমতী সেতুর টোল ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।
সওজ সূত্র আরও বলেছে, ২০১০ সাল থেকে টোল বৃদ্ধির আগ পর্যন্ত এটিটি প্রতিদিন গড়ে ৪০ লাখ টাকারও কম জমা দিয়েছে। টোল বৃদ্ধির পর আয় ১০ লাখ টাকা বাড়তি দেখিয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন টোলের আয়ের অন্তত ১৫ লাখ টাকা লোপাট হয়েছে। সে হিসাবে পাঁচ বছরে প্রায় ২৭৫ কোটি টাকা লোপাট হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে সূক্ষ্ম কারসাজি হয়েছে বলে মনে হচ্ছে। কারিগরি ও বৈদ্যুতিক গোলযোগের মাধ্যমে এই কারসাজি হয়ে থাকতে পারে। টোল আদায়ের ঠিকাদার নিয়োগ নিয়ে মামলা চলছে। একটু গুছিয়ে নিয়ে তদন্ত করে এটা বের করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সওজের যেই জড়িত থাক না কেন, ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এক-এগারোর পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করে মেঘনা-গোমতী সেতু ও টঙ্গী-আশুলিয়া সড়কে টোল আদায়ে ১৮৬ কোটি টাকার দুর্নীতি পায়। এরপর ওই ঘটনায় সওজের একাধিক কর্মকর্তাকে অভিযুক্তও করা হয়।
সওজের সূত্র বলেছে, এটিটিকে পাঁচ বছরে সাড়ে ১৫ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছিল। বিনিময়ে তাদের আদায় করা টোলের পুরো টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। সঠিকভাবে টোলের টাকা আদায় হয়েছে কি না, তা তদারকির দায়িত্ব হচ্ছে সওজের। টোলের টাকা লোপাট করা হয়েছে কয়েকটি পদ্ধতিতে। এই সেতুতে সবচেয়ে বেশি টোল দিতে হয় ট্রেইলর ও বড় ট্রাক পারাপারে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম এই দুটি সেতু। ফলে ট্রাক ও ট্রেইলর চলে সবচেয়ে বেশি। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি ট্রেইলর ও ট্রাকের টোল আদায় করে কোষাগারে জমা দেওয়া তালিকায় সেটা বাস বা অন্য ছোট যান হিসেবে দেখিয়েছে। অনেক সময় যত যানবাহন সেতু ব্যবহার করেছে, দেখানো হয়েছে এর চেয়ে কম। এটা করে হয়েছে বৈদ্যুতিক গোলযোগের মাধ্যমে। এ জন্যই কাঙ্ক্ষিত টোল পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে এটিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ করিম প্রথম আলোকে বলেন, সরকারের স্থাপন করা যন্ত্রপাতি দিয়েই তাঁরা টোল আদায় করেছেন। সওজের কর্মকর্তারা সময় সময় তা পর্যবেক্ষণ করে সঠিক পেয়েছে। এখন এত বাড়তি টোল আদায়ের কথা না। সম্ভবত এটিটিকে বিপদে ফেলার জন্য কেউ ষড়যন্ত্র করে বাড়তি আদায় দেখাচ্ছে।
গত বছরের শেষের দিকে সেতু দুটির টোল আদায়ে নতুন করে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। ডিসেম্বরে ইনফ্রাটেক নামের একটি প্রতিষ্ঠানকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সওজ। কিন্তু জানুয়ারিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই নিয়োগ-প্রক্রিয়া বন্ধ করে নতুন করে দরপত্র আহ্বানের নির্দেশ দেয়। এরপর ইনফ্রাটেক মামলা করলে ঠিকাদার নিয়োগ করা যায়নি।
সূত্র বলেছে, ইনফ্রাটেক তিন বছরে সাড়ে পাঁচ কোটি টাকা টোল আদায় করার প্রস্তাব দিয়েছিল। যা সওজের প্রাক্কলিত ব্যয়ের চেয়েও ৬৪ শতাংশ কম। কম দর প্রস্তাবের বিষয়টি যথার্থ মনে না হওয়ায় মন্ত্রণালয় দরপত্র বাতিল করে। এই দরপত্রে এটিটি এবং সিএনএসও অংশ নিয়েছিল।
সম্প্রতি ইনফ্রাটেকের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতে মামলা থাকা অবস্থায় সওজ সিএনএসকে দিয়ে টোল আদায় করাতে পারে না। টোল বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগের ঠিকাদার হয়তো টাকা মেরে দিয়েছেন।
বর্তমানে মেঘনা-গোমতী সেতুর টোল হার হচ্ছে ট্রেইলার ১ হাজার ২৫০ টাকা, বড় ট্রাক ৫০০, বড় বাস ৪৫০, মাঝারি ট্রাক ১৯০, ছোট ট্রাক ৯০, মিনিবাস ১৮৫, মাইক্রোবাস ও পিকআপ ৯০, কৃষিকাজে ব্যবহৃত যান ৩০০, ব্যক্তিগত গাড়ি ৬৫, অটোরিকশা ২৫ ও মোটরসাইকেল ১৫ টাকা।