৫ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের দক্ষিণ প্রান্ত শহীদনগর এলাকায় আজ বুধবার দুপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাবাসী দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গুরুতর অবস্থায় ওই শিশুকে নগরীর মণ্ডলপাড়া ১৫০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়েছে।

শিশুটির মা সাংবাদিকদের বলেন, আজ দুপুর পৌনে ১২টার দিকে তাঁর পাঁচ বছর বয়সের শিশু পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে খেলতে গিয়েছিল। কিন্তু প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় না ফেরায় তিনি মেয়েকে খুঁজতে বের হন। এ সময় তাঁর মেয়ের খেলার সঙ্গী শিশুটি তাঁকে জানায়, প্রতিবেশী দুলাল মিয়া তাঁর মেয়েকে বাসায় ডেকে নিয়েছে। তিনি তাৎক্ষণিক দুলালের বাসায় গিয়ে ঘরের দরজা ধাক্কাতে থাকেন। কিছুক্ষণ পর দুলাল ঘরের দরজা খুলে দিলে তিনি দেখেন, তাঁর মেয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করেন হাসপাতালে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ​চিকিৎ​সা কর্মকর্তা তানিয়া আফসার বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে দুলালকে আটকে রেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুলালকে আটক করে। তাঁর বাড়ি দিনাজপুর। তাঁর তিনটি কন্যা সন্তান আছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।