৫ ভুয়া দন্ত চিকিৎসককে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারের দুটি বিপণিকেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচজন ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তার হওয়া প্রত্যেককে নয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদ মার্কেটের আল হেরা ডেন্টাল কেয়ারের মালিক আক্তার হোসেন ও তাঁর সহকারী তোফাজ্জল হোসেন, কারওয়ান বাজার ২ নম্বর সুপার মার্কেটের আল মদিনা ডেন্টাল কেয়ারের মালিক হাসানুর রহমান, একই মার্কেটের জান্নাত ডেন্টাল কেয়ারের মালিক আলাউদ্দিন ও গার্ডেন ডেন্টাল কেয়ারের এস এম ইলিয়াস হোসেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-২-এর একটি দল প্রথমে কারওয়ান বাজারের আম্বরশাহ জামে মসজিদ মার্কেটের নিচতলায় আল হেরা ডেন্টাল কেয়ারে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানের মালিক আক্তার নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও কোনো প্রাতিষ্ঠানিক সনদ দেখাতে পারেননি।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আক্তার জানান, তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বন্ধুদের কাছ থেকে দন্ত চিকিত্সা শিখেছেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এরপর র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের ২ নম্বর সুপার মার্কেটে যান। সেখানে গার্ডেন ডেন্টাল কেয়ার, জান্নাত ডেন্টাল কেয়ার, মদিনা ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে দন্ত চিকিৎসক পরিচয় দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা প্রথম আলোকে বলেন, ‘এঁরা সবাই ভুয়া দন্ত চিকিৎসক। এঁদের কোনো প্রাতিষ্ঠানিক সনদ নাই। তাঁরা দাঁতের চিকিত্সার যন্ত্রপাতি একজনের মুখ থেকে বের করে আরেকজনের মুখে ব্যবহার করছিলেন। এতে এখানে চিকিত্সা নিতে আসা ব্যক্তিদের জন্ডিসসহ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে সংক্রমিত হওয়ার আশঙ্কা ছিল।’

আনোয়ার পাশা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁদের কারও প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নেই। তাঁরা আগে দন্ত চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর নিজেরাই অবৈধভাবে দন্ত চিকিত্সা শুরু করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

অভিযানে র‌্যাব-২-এর উপপরিচালক মেজর দিদারুল আলমের নেতৃত্বে একটি দল অংশ নেয়। বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান চলে।