৫ হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া তেল ব্যবহার করে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে বিক্রির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার নগরের ফিরিঙ্গি বাজার এবং মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস।

অভিযানে ফিরিঙ্গি বাজার এলাকার মোহাম্মদী হোটেল অ্যান্ড কনফেকশনারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পোড়া তেল দিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল এখানে। হোটেলের মেঝে ছিল নোংরা। একই অপরাধে মাঝিরঘাট এলাকার কর্ণফুলী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৮ হাজার, ক্যাফে মরিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা, ক্যাফে মা হোটেলকে পাঁচ হাজার টাকা এবং ক্যাফে আমানত হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।