৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নগর চট্টগ্রামের বাকলিয়া থানা-পুলিশ আজ রোববার ৫০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ভোররাত তিনটার দিকে শাহ আমানত সেতু এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

যুবকের নাম আকরামুল হক আখন্দ (২১) ওরফে অপু। তিনি ময়মনসিংহের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকরামুল পুলিশকে জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো ৫০টি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।

বাকলিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক গাজী মো. শওকত আকবর বলেন, আকরামুল হক তাঁর জ্যাকেটের নিচের দিকে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিলেন।