৫০ কোটি টাকার জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে (মেডিস্টার ক্লিনিকের পশ্চিম পাশে) সিটি করপোরেশনের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এক মাসের ছুটি নিয়ে নিউজিল্যান্ড রওনা হওয়ার দিনে গত ২৪ জানুয়ারি একটি প্রভাবশালী চক্র জমিটি দখল করে নেয়।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, পাকিস্তান আমলে নারায়ণগঞ্জে বিপণিবিতান ও রাস্তা নির্মাণের জন্য রাজউক তৎকালীন পৌরসভার (বর্তমান সিটি করপোরেশন) অনেক জমি অধিগ্রহণ করে। অব্যবহৃত জমি পৌরসভাকে ফেরত দেওয়ার জন্য এরশাদ সরকার রাজউককে নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। অব্যবহৃত এসব মূল্যবান জমি দীর্ঘদিন খালি পড়েছিল। ২০০৩ সালে সেলিনা হায়াৎ পৌরসভার মেয়র হওয়ার পর ৩২ শতাংশ জমিতে অস্থায়ী ভিত্তিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। ২০০৭ সালে রাজউক এসব জমি প্লট আকারে বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেয়। তখন প্রতি কাঠা জমির গড় দাম উঠেছিল ১ কোটি ৪০ লাখ টাকা। সে সময় সিএস রেকর্ড অনুযায়ী জমিটির মালিক পৌরসভা রাজউককে বিবাদী করে হাইকোর্টে মামলা করে। মামলার কারণে প্লট বিক্রির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। ২৪ জানুয়ারি প্রভাবশালী মো. রাশেদ (খানপুরের আমির আলীর ছেলে) ও তাইফুর রহমান (একই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে) কয়েক শ লোক নিয়ে ওই জমিতে থাকা সিটি করপোরেশনের দোকান গুঁড়িয়ে দিয়ে এটি দখল করে নেন। জমিটি দখলে নেওয়ার সময় এক সাংসদের ক্যাডারদের দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওই জমিতে থাকা হোম স্টাইল ও হোম ফার্নিচারের মালিক সাদিয়া আক্তার বলেন, ‘১০ বছর ধরে আমরা এখানে দোকান করছি। সিটি করপোরেশন থেকে প্রতি বর্গফুট মাসিক ছয় টাকা হারে ভাড়া নিয়ে ব্যবসা করছি। ওই দিন (২৪ জানুয়ারি) তাইফুর জায়গাটি নিজের দাবি করে বিপুলসংখ্যক মাস্তান নিয়ে এসে জায়গা দখল শুরু করেন। পরের দিন তাঁরা কয়েক শ লোক নিয়ে এসে আমাদের দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। তাঁরা আগে কোনো নোটিশ দেননি। দখলকারীরা তাঁদের হত্যারও হুমকি দিয়েছেন।’
জায়গার আরেক ভাড়াটে খান ফার্নিশিং পয়েন্টের মালিক মোহাম্মদ জামাল বলেন, ‘দখলকারীরা বলছেন আমাদের উচ্ছেদের নোটিশ ডাকযোগে পাঠিয়েছেন। অথচ আমরা চিঠি পাইনি। দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী জোর করে জমিটি দখলে নিয়েছে।’
এ ব্যাপারে তাইফুর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তাঁর আইনজীবী পরিচয়ে মাহমুদুর রহমান বলেন, ‘হাইকোর্টের রিট পিটিশনের রায় আমাদের পক্ষে গিয়েছে। এ কারণে আমরা জায়গার দখল করেছি। এক মাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় পুলিশকে আমাদের সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। আমরা এক মাস আগে সিটি করপোরেশন ও দোকানদারদের নোটিশ দিয়েছি।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন জানান, সিটি করপোরেশনের জমি অবৈধভাবে দখল করা হয়েছে। সিএস রেকর্ডে জমির মালিক পৌরসভা। জমির মালিকানা নিয়ে হাইকোর্টে রাজউকের সঙ্গে পৌরসভার (সিটি করপোরেশন) মামলা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, রাশেদ ও তাইফুর উচ্চ আদালতের নির্দেশে জমিটি দখল করেছেন বলে দাবি করছেন। তবে তাঁরা পুলিশকে আদালতের নির্দেশনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।