৫০ কোটি টাকার সরকারি জমি ব্যক্তিমালিকানায় খারিজ
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতাধীন ভবানীপুর এলাকায় ২২ দশমিক ৫০ একর সরকারি জমি দুটি বেসরকারি প্রতিষ্ঠানের নামে নামজারি ও জমাভাগ (খারিজ) করে দেওয়া হয়েছে। এই জমির বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
ভূমি মন্ত্রণালয়ের হিসাব তত্ত্বাবধায়কের (রাজস্ব) দপ্তর নামজারি দিয়ে জমি বেহাতে সহায়তা করার দায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। গত ৯ নভেম্বর জেলা প্রশাসকের কাছে পাঠানো এক প্রতিবেদনে এই সুপারিশ করা হলেও এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভূমি মন্ত্রণালয়ের গত ৯ নভেম্বরের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাশিমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের দায়িত্বে রয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী।
কাশিমপুর ভূমি কার্যালয়ের ২০১৩-১৪ সালের নথিতে দেখা যায়, বড় ভবানীপুর মৌজার এসএ রেকর্ডে এক নম্বর খাস খতিয়ান ও বনের গেজেটভুক্ত চালা শ্রেণির ২২ দশমিক ৫০ একর জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে তার ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, বড় ভবানীপুর মৌজার আরএস ৪১ জোত পরীক্ষায় রাজস্ব কর্মকর্তারা দেখেছেন, ওই জোতের আরএস ৪১ খতিয়ানের বনের গেজেটভুক্ত এবং এসএ রেকর্ডে এক নম্বর খাস খতিয়ানভুক্ত পাঁচটি দাগে ৩৮ দশমিক ৭০ একর জমির মধ্যে ১৪ দশমিক ৫০ একর জমি ২০১৩ সালের ডিসেম্বরে সিভিল অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নামে খারিজ করে ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। একই সঙ্গে আট একর সরকারি জমি ফার্স্ট করপোরেশন প্রাইভেট লিমিটেড নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে নামজারি করে ভূমি উন্নয়ন কর আদায় করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী।
প্রতিবেদনে আরও বলা হয়, এক নম্বর খাস খতিয়ান ও বনের গেজেটভুক্ত জমি হওয়ায় ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান সরকারি স্বার্থ সংরক্ষণ না করে ব্যক্তিমালিকানায় খাজনার রসিদ (দাখিলা) দিয়ে সরকারি জমি বেহাতে সহায়তা করেছেন। ওই জমিতে সম্পূর্ণ সরকারি স্বার্থ থাকায় আদায়কৃত দাখিলা ও পূর্বে মঞ্জুরিকৃত নামজারি বাতিল করে সরকারি স্বার্থ সংরক্ষণ করা আবশ্যক।
বড় ভবানীপুর মৌজার আরএস ৪১ খতিয়ানের সঠিকতা যাচাইয়ের বিষয়ে গঠিত কমিটির সভাপতি গাজীপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে ওই খতিয়ানের জমি ভুলবশত খাস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়েছে এবং বন বিভাগের পক্ষে বিট কর্মকর্তা আপত্তি দিলেও সরকারি স্বার্থবিরোধী কথা উল্লেখ করে সরকারি স্বার্থ বিষয়ে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। এ কারণে হাবিবুর রহমানের দেওয়া প্রতিবেদনও বাতিল করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভূমি মন্ত্রণালয়ের হিসাব তত্ত্বাবধায়ক (রাজস্ব) মাশুক বিল্লাহ আরেফ খান ৯ নভেম্বর জেলা প্রশাসকের কাছে ওই প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে নামজারি দুটি বাতিল করে সরকারি স্বার্থ সংরক্ষণ ও সরকারি সম্পত্তি বেহাত করার সহায়তার দায়ের সংশ্লিষ্ট কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ফলাফল অডিট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেছেন।
কাশিমপুর ভূমি কার্যালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সরকারি জমি ওই দুটি প্রতিষ্ঠানকে নামজারি করে দিতে প্রায় এক কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। অবশ্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন।
গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম গত ২৪ নভেম্বর বলেন, বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন।