৫০ টাকা বাজি ধরে প্রাণ গেল দিনমজুরের
আইপিএল ক্রিকেট নিয়ে মাত্র ৫০ টাকার বাজি ধরে প্রতিপক্ষের মারধরে জীবন গেল দিনমজুর সন্তোষ কুমার সেনের (৩২)। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
সন্তোষ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবশ (হরিঠাকুর) গ্রামের কালীদাস সেনের ছেলে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে নওদাবশ গ্রামের কার্তিক চন্দ্র সেনের চায়ের দোকানে বসে টেলিভিশনে আইপিএল ক্রিকেট খেলা দেখছিল অনেকে। এ সময় সন্তোষ কুমার সেন ও একই গ্রামের নুরুজ্জামান আহমেদ (১৬) ৫০ টাকার বাজি ধরেন। বাজিতে জিতে সন্তোষ নুরুজ্জামানের কাছে ৫০ টাকা দাবি করেন। নুরুজ্জামান টাকা দিতে রাজি না হলে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি পরে মারামারির ঘটনা ঘটে। নুরুজ্জামান একপর্যায়ে সন্তোষ কুমার সেনের তলপেটে ও গোপনাঙ্গে কয়েকটি লাথি মারলে সন্তোষ মাটিতে পড়ে যান। আহত অবস্থায় বাড়িতে গেলে তাঁকে গ্রাম্য চিকিৎসক দেখানো হয়। পরে বুধবার সকালে সন্তোষকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
আজ শনিবার দুপুরে সরেজমিনে নওদাবশ গ্রামে দেখা যায় সন্তোষ ও নুরুজ্জামান আহমেদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ জানায়, কোনো কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক রাজিব সরকার অভিযোগ করেন, আইপিএল ক্রিকেট খেলার আড়ালে বাজি বা জুয়ার যে প্রবণতা দেখা দিয়েছে, তার বলি হলো সন্তোষ কুমার সেন। তিনি বলেন, গ্রামের যুবকসহ সব বয়সের মানুষ এখন এই বাজি বা জুয়া খেলার সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে গ্রামে দিন দিন অপরাধ বেড়েই চলেছে। এসব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
নিহত সন্তোষ কুমার সেনের স্ত্রী সাধনা রানি সেন (২৫) বলেন, ‘হামরা গরিব মানুষ, জমিজমা নাই, চার শতক বাড়ির ভিটাই সম্বল। হামরা ক্রিকেট খেলার কি বুঝি? সোয়ামি অন্যের দেখিয়া বাজি ধরিয়া নুরুজ্জামানের হাতে ডাং খাইয়া মারা গেল। এলা হামার কী হইবে? কায় মোর ছাওয়া পোয়াক মানুষ করবে।’ এ সময় তিনি নুরুজ্জামানের উপযুক্ত শাস্তি দাবি করেন।
এদিকে সন্তোষ সেন মারা যাওয়ার খবর পাওয়ার পরই শনিবার ভোরে অভিযুক্ত নুরুজ্জামানের পরিবারের সদস্যরা বাড়ি-ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। ফলে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সদর থানার পুলিশকে ঘটনাস্থল পরিদর্শনসহ আইনশৃঙ্খলা রক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, সন্তোষের ময়নাতদন্ত হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত মামলা না হলেও নুরুজ্জামানকে আটকের চেষ্টা চলছে।