ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা যুবলীগের সভাপতিসহ ২৫ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী কমপক্ষে ২৫ জন জানান, দক্ষিণ আইচা বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের সভাপতি মো. রাসেল ও সহসভাপতি মো. দুলালের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। দুই পক্ষের বিরুদ্ধেই দখল ও চাঁদাবাজির অভিযোগ আছে। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী ওরফে লিমন সমঝোতা বৈঠকে বসেন। এ সময় মো. দুলাল শেখ সাদীকে আঘাত করেন। এরপর শেখ সাদী দলবল নিয়ে দুলালের ওপর হামলা করেন। এ পর্যায়ে রাসেল ও দুলাল এক হয়ে শেখ সাদী পক্ষের ওপর হামলা করেন। রাতেই শেখ সাদী দলবল নিয়ে রাসেল ও দুলালের বাড়িতে হামলা করেন। রাত তিনটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার ভোরে থানা আওয়ামী লীগের সভাপতি সফিউল্যাহ মিয়া রাসেল পক্ষ ও শেখ সাদী পক্ষকে দলীয় কার্যালয়ে মীমাংসার জন্য ডাকেন। দুই পক্ষই সালিসে উপস্থিত হয়। এ সময় সালিসে উপস্থিত রাসেলের চাচা থানা যুবলীগের সভাপতি আবদুর রশিদ সালিস ‘মানি না’ বলে বের হয়ে চাপাতি দিয়ে শেখ সাদীর বড় ভাই থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফ উদ্দিনকে কুপিয়ে জখম করেন। বাধা দিতে গিয়ে শেখ সাদী পক্ষের থানা যুবলীগের আরেক সাংগঠনিক সম্পাদক সবুজ মুন্সি, যুবলীগ সদস্য ইউসুফ হাওলাদার, জামাল উদ্দিন, নুরনবীসহ আট-নয়জন আহত হন। আর শেখ সাদী পক্ষ আবদুর রশিদের ভাই যুবলীগ কর্মী আবদুস শহিদকে কুপিয়ে জখম করে। দুই পক্ষ মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। মুহূর্তে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। এ সময় বেলালের স্টিলের কারখানা, কম্পিউটারের দোকান, প্রাইম চানাচুর কারখানা, মুন্সি মেডিকেল হল, অহিদ স্টোরসহ ৫০টি দোকানে হামলা চালিয়ে লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশের চরফ্যাশন ও শশীভুষণ থানা থেকে তিন ট্রাক পুলিশ এসে লাঠিপেটা শুরু করে। পরে যুবলীগ সভাপতি আবদুর রশিদসহ ২০ জনকে আটক করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।