৫০ মন কুঁচে ছিনতাই, পুলিশ পেল শুধু পিকআপ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে পিক-আপ ভ্যানভর্তি প্রায় ৫০ মণ কুঁচে ছিনতাই হয়েছে। এর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। গতকাল রাতে পিক-আপ থেকে এত কুঁচে ছিনতাই হলেও এখনো ছিনতাইকারীদের খোঁজ পায়নি পুলিশ।
শনিবার রাতে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার থেকে এসব কুঁচে কিনে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকায় নিচ্ছিলেন ব্যবসায়ী কৃষ্ণপদ সরকার। তাঁর অভিযোগ, ঢাকায় নেওয়ার পথে কালিগঞ্জ-কাথম সড়কের নন্দীগ্রাম উপজেলার ঢাকইর এলাকায় দুর্বৃত্তরা পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে রেখে পিকআপ ভ্যানের চালক, সহকারী ও তাঁকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। ছিনতাইকারীরা কুঁচে ভর্তি পিক-আপ নিয়ে পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানা-পুলিশের ভাষ্য, রাত একটার দিকে কুঁচে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে কুঁচেসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চালক কৌশলে হাত-পায়ের বাঁধন খুলে থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে অন্যদের উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক-সহকারীসহ ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। এ ছাড়া পুলিশের তাড়া খেয়ে নন্দীগ্রাম-তাড়াশ সড়কের রামকৃষ্ণপুর এলাকায় পরিত্যক্ত পিকআপ ফেলে রেখে যায়। কিন্তু কুঁচেগুলো নামিয়ে নিয়ে গেছে তারা। পুলিশ ইতিমধ্যেই পিকআপ ভ্যানটি উদ্ধার করে নিয়ে এসেছে।’
এ ঘটনায় মামলা করবেন বলে জানান ব্যবসায়ী কৃষ্ণপদ সরকার।
প্রসঙ্গত, নাটোরের সিংড়া উপজেলায় বাণিজ্যিকভাবে কুঁচের চাষ হয়।