৫০ লাখ টাকা আদায় করতে না পেরে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ লাখ টাকা আদায় করতে না পেরে চট্টগ্রামে ব্যবসায়ী জালাল উদ্দিনকে (৫৫) হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দুই আসামি এ কথা বলেন।
ওই দুই আসামি হলেন লিলু আক্তার ও মো. রাসেল।
গত রোববার আগ্রাবাদের ব্যাপারীপাড়া এলাকা থেকে জালাল উদ্দিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাঁর ছেলে ইমাজ উদ্দিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার বিকেলে নগরের পাঁচলাইশ এলাকা থেকে মো. রাসেলকে ও রাতে নগরের কর্ণফুলী থানার ইছানগর এলাকা থেকে কামালের স্ত্রী লিলু আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কামালকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, দুই আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, ১০-১১ বছর আগে জালালের সঙ্গে কামালের পরিচয়। কামাল দেড় বছরের মতো জালালের বাসার ভাড়াটে ছিলেন। গত শনিবার জালালকে কৌশলে নগরের মাদারবাড়ি এলাকায় কামালের বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে কামালের স্ত্রী, ফুফাতো ভাই মো. রাসেল ও সুরমা নামের এক মেয়ে ছিলেন। এ সময় জালালের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। তিনি দিতে অস্বীকৃতি জানালে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে জালালকে হত্যা করা হয়। পরে তাঁর লাশটি বস্তাবন্দী করে একটি ভ্যানে তুলে ব্যাপারীপাড়ায় ফেলে দিয়ে যান কামাল ও রাসেল।