রাঙামাটি থেকে অপহৃত দুই পর্যটকের মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে বলে জানিয়েছে তাঁদের একজনের পরিবার। তবে পুলিশ বলেছে, মুক্তিপণ চাওয়ার বিষয়টি তারা জানে না।
৩ অক্টোবর রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের পর্যটনকেন্দ্র রাইনক্ষ্যং পুকুরে যাওয়ার সময় দুই পর্যটক ও তাঁদের এক পথপ্রদর্শককে (গাইড) অপহরণ করে সন্ত্রাসীরা। একই দিন রাইনক্ষ্যং থেকে ফেরার সময় আট পর্যটক ও তাঁদের গাইডকে আটকে সর্বস্ব ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। আট পর্যটককে ছেড়ে দিলেও গাইডকে ধরে নিয়ে যায় তারা। অপহৃত ওই চারজনের খোঁজ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেলেনি। বড়থলির জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন বলছেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান লিবারেশন পার্টি (এএলপি) ওই চারজনকে মুক্তিপণের জন্য অপহরণ করেছে। তবে নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করতে পারেনি।
অপহৃত দুই পর্যটকের মধ্যে আবদুল্লাহ আল জুবায়ের ছাত্র ও জাকির হোসেন ওরফে মুন্না ব্যবসায়ী। তাঁদের বাড়ি রাজধানীর মিরপুরে। গতকাল তাঁদের পরিবারের সঙ্গে প্রথম আলোর কথা হয়। জাকির হোসেনের স্ত্রী ফাতেমা তুজ জোহরা প্রথম আলোকে বলেন, গত বুধবার জাকিরের বড় বোন নাসিমাকে ফোন করে গাইড মাংসাই ম্রোর বড় ভাই পাসিং ম্রো কার্বারি মুক্তিপণের বিষয়টি জানান। পাসিং বলেছেন, অপহরণকারীরা নিজেদের এএলপির সদস্য দাবি করে অপহৃত ব্যক্তিদের ছেড়ে দেওয়ার জন্য ৫০ লাখ টাকা দাবি করেছে। তাঁদের সীমান্তে দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছে বলে তাঁরা জেনেছেন। ওই স্থান থেকে বান্দরবানের রুমা বাজারে আসা এক ব্যক্তি সেখানে অপহৃত পর্যটকদের দেখার কথা বলেছেন।
তবে জুবায়েরের বাবা আবদুর রব খান বলেন, মুক্তিপণের বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তাঁরা এখনো প্রশাসনের তৎপরতার ওপর আস্থা রাখছেন। অপহৃত ব্যক্তিদের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে প্রশাসন থেকে তাঁদের জানানো হয়েছে।
অপহৃত ব্যক্তিদের পরিবার বলেছে, গাইড মাংসাইর সঙ্গে অপহৃত জাকিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাঁচ-ছয় বছরের। এবার ঈদের এক সপ্তাহ আগে মাংসাই জীবনে প্রথমবারের মতো ঢাকায় আসেন। তিনি জাকির ও জুবায়েরের বাড়িতেই ছিলেন। তাঁদের সঙ্গে ঈদ করে গত ২৭ সেপ্টেম্বর রাতে মাংসাইসহ ছয়জন বান্দরবানের উদ্দেশে রওনা দেন। ৩ অক্টোবর পাঁচ পর্যটকের একজন অসুস্থ হয়ে পড়ায় তিনজন তাঁকে নিয়ে ফেরার পথ ধরেন। আর রাইনক্ষ্যং পুকুরের দিকে যাওয়ার পথে অপহৃত হন জাকির, জুবায়ের ও মাংসাই।
একটি পরিবারের সদস্যরা অপহরণের সঙ্গে মাংসাইর যোগসাজশের বিষয়ে সন্দেহ করছেন। তবে অন্য পরিবার বলেছে, মাংসাইর সঙ্গে তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের।
গতকাল ওই দলের তিনজন পর্যটক ঢাকায় ফেরেন। তাঁদের একজন আবু মিয়াজি ওরফে সাগর প্রথম আলোকে বলেন, ৩ অক্টোবর খুব অল্প সময়ের মধ্যে জুবায়ের ও জাকির রাইনক্ষ্যংয়ের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাংসাই এ ঘটনায় জড়িত—এটি তাঁদের কাছে কোনোভাবে মনে হয়নি।
পাসিং ম্রো কার্বারি গতকাল বলেন, তাঁর সঙ্গে অপহরণকারীদের কয়েকবার যোগাযোগ হয়েছে। তারা নিজেদের এএলপির সদস্য দাবি করেছে। তারা অপহৃত ব্যক্তিদের মুক্তির জন্য ৫০ লাখ টাকা দাবি করেছে। বিষয়টি তিনি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও ওই দুই পর্যটকের পরিবারকে জানিয়েছেন।
জনসংহতি সমিতির রুমা থানার সাধারণ সম্পাদক লুপ্রু মারমা বলেন, তাঁরা নিশ্চিত হয়েছেন এএলপি অপহৃত ব্যক্তিদের সীমান্তের ওপারে নিয়ে গেছে।
তবে রাঙামাটির পুলিশ সুপার খন্দকার তারিকুল হাসান বলেন, পাসিং কার্বারির কাছে এএলপির সন্ত্রাসী গোষ্ঠীর মুক্তিপণ দাবির বিষয়টি তাঁদের জানা নেই। পাসিং কার্বারির ভাই মাংসাই ম্রোর দুই পর্যটককে নিয়ে রাইনক্ষ্যং পুকুরের দিকে যাওয়ার বিষয়টি উদ্দেশ্যমূলক কি না, তারও খোঁজ নেওয়া হচ্ছে। কারা অপহরণ করেছে, তার চেয়ে জরুরি অপহৃত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা। এ জন্য তাঁরা উদ্ধার অভিযানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সম্প্রতি রাঙামাটির বড়মদকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদসদের ওপর বিদেশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সশস্ত্র হামলা, রাজস্থলীতে ঘোড়া ও পোশাক উদ্ধারের ঘটনাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর আড়ালে স্থানীয় কোনো গোষ্ঠীও এ রকম ঘটনায় ফায়দা হাসিল করতে পারে।
বান্দরবানের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উদ্ধার অভিযানের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তের (স্থানীয়ভাবে ট্রায়াঙ্গেল নামে পরিচিত) কাছাকাছি বড়থলি ইউনিয়নে কোন কোন সন্ত্রাসী গোষ্ঠীর আনাগোনা রয়েছে এবং মুক্তিপণ না অন্য কী উদ্দেশ্যে অপহরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা বলেন, পাসিং কার্বারির নেতৃত্বে ছয়জনের একটি দল অপহৃত ব্যক্তিদের খোঁজখবর নিতে আজ শুক্রবার সীমান্তের দিকে যাবে।
আরও পড়ুন: