তুষভর্তি ট্রাকে ৩৮৬ কেজি গাঁজা!
কুড়িগ্রামে ধরলা ব্রিজের চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তুষভর্তি ট্রাকে এই গাঁজা বহন করা হচ্ছিল। ট্রাক ও এর চালককে আটক করেছে সদর থানা-পুলিশ।
ট্রাকচালকের নাম রজব আলী (২২)। তিনি রাজশাহীর পবা উপজেলার আক্কাস আলীর ছেলে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান বলেন, গাঁজার একটি বড় চালান কুড়িগ্রাম থেকে রাজশাহী যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ওত পেতে থাকে। ১৩ ঘণ্টা অভিযানের পর আজ শনিবার সকাল ১০টায় ধরলা ব্রিজ চেকপোস্টে রাজশাহীগামী ওই ট্রাক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। ওসি বলেন, ধানের তুষভর্তি এ ট্রাকটিতে বিশেষ কায়দায় ২৮ প্যাকেটে এসব গাঁজা রাখা ছিল। পরে ট্রাকসহ রজব আলীকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুরো অভিযান সমন্বয় করেন সহকারী পুলিশ সুপার (সার্কেল ‘এ’) সনাতন চক্রবর্তী। পরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তবারক উল্লাহর উপস্থিতিতে ট্রাক থেকে গাঁজা নামানো হয়। পরিমাপ করে ৩৮৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
এসপি বলেন, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ আজ বিপুল পরিমাণ গাঁজা আটক করতে পেরেছে। জেলায় এই প্রথম এত বিপুল পরিমাণ গাঁজা আটকের ঘটনা ঘটল বলে তিনি জানান।